জানাজায় তিন ছেলের দেখা মিললেও আড়ালেই মোজতবা খামেনি
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: নিহত ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের চার সদস্যের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন লাখো মানুষ। তবে বাবার জানাজায় খামেনির তিন ছেলে উপস্থিত থাকলেও, তার উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সেখানে দেখা যায়নি।
তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় রাখা কফিনগুলোর পেছনে খামেনির তিন ছেলে—মোস্তফা, মেসাম ও মাসুদ খামেনিকে প্রার্থনা করতে দেখা গেছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় বাবা ও পরিবারের অন্য সদস্যদের নিহতের পাশাপাশি মোজতবা নিজেও গুরুতর আহত হন বলে রয়টার্স জানিয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই হামলায় মোজতবার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। মূলত এই শারীরিক অবস্থার কারণেই তিনি জনসমক্ষে আসছেন না।
ইসলামী প্রজাতন্ত্র ইরান খামেনির জন্য সপ্তাহব্যাপী এক বিশাল গণ-অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেছে। এর অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) খামেনির কফিনটি তার কন্যা, জামাতা, পুত্রবধূ ও ১৪ মাস বয়সী নাতনির কফিনের সঙ্গে বাইরে প্রদর্শন করা হয়। রবিবার (৫ জুলাই) জানাজার নামাজে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফও অংশ নেন। এ সময় খামেনির ছেলেদের অশ্রুবিসর্জন করতে এবং উপস্থিত লাখো মানুষকে বুক চাপড়ে কাঁদতে দেখা যায়।
এই বিশাল সমাগমের কারণে তেহরান মেট্রোতে মাত্র কয়েক ঘণ্টায় রেকর্ড ৭০ লাখ যাত্রী যাতায়াত করেছেন।
কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সোমবার (৬ জুলাই) তেহরানে এক বিশাল মিছিলের পর মঙ্গলবার (৭ জুলাই) মরদেহগুলো শিয়া মাদরাসা শহর কোমে নিয়ে যাওয়া হবে। এরপর বুধবার (৮ জুলাই) মরদেহগুলো ইরাকের পবিত্র তীর্থস্থান নজফ ও কারবালায় পাঠানো হবে। সবশেষে, বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদে আরেকটি জানাজা শেষে খামেনির মরদেহ দাফন করা হবে। এই কর্মসূচিগুলোতে লাখ লাখ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবহন, খাদ্য ও বাসস্থানের ব্যাপক ব্যবস্থা করেছে ইরান সরকার। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
খামেনির শেষ বিদায়ে তেহরান মেট্রোতে যাত্রীর ঢল, ৭০ লাখের রেকর্ড
সঙ্গীত একাডেমি