ককটেল বিস্ফোরণ ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী এক বক্তব্যে বলেন, তাদের দাবিগুলো মেনে নিয়ে সংস্কার করা হলে ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না।
তার এই মন্তব্যের বিষয় তুলে ধরে সাংবাদিকরা যুগ্ম কমিশনারের কাছে জানতে চান, সম্প্রতি যেসব ককটেল বিস্ফোরণ ঘটছে, সেগুলো কি শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই করছে, নাকি অন্য কেউ জড়িত আছে? এ বিষয়ে তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি এই বক্তব্যটা কেন দিয়েছে। আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’
তাহলে কি নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও সেখানে: জাতিসংঘে তারেক রহমান
সঙ্গীত একাডেমি