নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের গ্রেটার নয়ডার একটি গ্রামের বাড়ি থেকে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন শিশুও রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মৃতরা হলেন—৩৭ বছর বয়সি মহেশ, তার স্ত্রী ৩৫ বছর বয়সি ললিতা এবং তাদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর।
এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বলছে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা এবং মৃত দম্পতির মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। এরপর তারা ঘুমাতে যায়। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত অবস্থায় দেখতে পায়।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিছানায় শুয়েছিলেন এবং ধারণা করা হচ্ছে তারা ঘুমিয়েই মারা গেছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করেছেন এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিশ্বজুড়ে ১০ বছরে সাড়ে ৪ হাজারেরও বেশি শিশু অভিবাসীর মৃত্যু: আইওএম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে সৌদিকে চিঠি
সঙ্গীত একাডেমি