ক্রিকেটারদের আট লাগেজ চুরি, পরে উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগের দল রাজশাহী বিভাগের খেলোয়াড়দের ৮টি লাগেজ চুরির ঘটনা ঘটেছে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে কাভার্ড ভ্যান থেকে চুরি হয় এই ৮টি লাগেজ। পরে রাজশাহী জেলা পুলিশ ও বিসিবির নিরাপত্তা বিভাগের তৎপরতায় উদ্ধার হয় বেশিরভাগ মালামাল।
ক্রিকেটাররা বিমানে এবং তাদের কিটব্যাগ কাভার্ড ভ্যান করে এক শহর থেকে আরেক শহরে যায়। ঢাকাতেও দলের বাসের সঙ্গে থাকে কাভার্ড ভ্যান। আলাদা কাভার্ড ভ্যানে ক্রিকেটারদের কিট ব্যাগ আনা-নেওয়া করা হয়। জাতীয় ক্রিকেট লিগের পরের রাউন্ডের ম্যাচ খেলতে মঙ্গলবার রাজশাহীতে যান ক্রিকেটাররা। তাদের কিট ব্যাগ রওণা হয় রাতে। কিন্তু পরদিন ব্যাগ গ্রহণ করতে গিয়ে কর্মকর্তারা দেখতে পায়, ৮টি লাগেজ মিসিং।
কাভার্ড ভ্যান থেকে চুরি হয় স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর, পেসার আলি মোহাম্মদ ওয়ালিদ ও টিম বয় আব্দুল কাদেরের মোট ৮টি লাগেজ। তাৎক্ষণিকভাবে রাজপাড়া থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন মেহেরব।
অভিযোগপত্রে মেহেরব জানান, লাগেজগুলোর মধ্যে নিজেদের ব্যবহৃত জামাকাপড়ের পাশাপাশি তার পাসপোর্ট, একটি আইফোন, নগদ তিন লাখ টাকা ও ৩০০ ডলারের পাশাপাশি কিছু ইলেক্ট্রনিক্স সামগ্রী ছিল। এছাড়া মোহরের ব্যাগেও মূল্যবান ইলেক্ট্রনিকস সামগ্রী থাকার কথা বলা হয় অভিযোগে। আব্দুল কাদেরের ব্যাগে স্পাইকের পাশাপাশি খেলার সরঞ্জাম ছিল।
পরবর্তীতে রাজশাহী ও নাটোর জেলা পুলিশের সহযোগিতায় কয়েকটি ব্যাগ ও জিনিসপত্র উদ্ধার করা হয়। পুলিশ পরবর্তীতে উদ্ধারকৃত জিনিসপত্র বুঝিয়ে দেয়। চুরির সঙ্গে জড়িত চারজনের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। বাকি থাকা মালামালও উদ্ধারের আশা করছেন তারা।
জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগামী রোববার বরিশালের মুখোমুখি হবে রাজশাহী।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি