লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিডে ইনিংস ঘোষণা বাংলাদেশের
বাংলাপ্রেস ডেস্ক: ফিফটি কিংবা সেঞ্চুরির পরেই সাধারণত ব্যাট উঁচিয়ে ধরেন ব্যাটাররা। কিন্তু আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ১ রান করেই ব্যাট উঁচিয়ে ধরলেন লিটন দাস।
শুধু ব্যাটই উঁচিয়ে ধরেননি, ইয়ামিন আহমদজাইয়ের বলে সিঙ্গেল নেওয়ার পর মুচকি হাসিও দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার।
লিটনের এই হাসি ছিল স্বস্তির। আবুধাবি টেস্টের আগে সর্বশেষ ৫ ইনিংসের ৪টিতেই ‘ডাক’ মেরেছিলেন তিনি। তাই সিঙ্গেল নেওয়ার পরেই ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে ধরেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার।
সেই ইনিংসে পরে ফিফটিও করেন তিনি। তবে সেট হওয়ার পরেও নিশ্চয়ই সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ ছিল তার।
প্রথম ইনিংসে ৫৩ রানে ফিরলেও এবার তিন অংকের দেখা পেয়েছেন লিটন। কাইস আহমেদকে লেট কাটে চার মেরে সেঞ্চুরির দেখা পান তিনি।
তাতে মুখের হাসি আজ আরো চওড়া হয় লিটনের। বল বাউন্ডারি লাইন স্পর্শ করতেই ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরেন তিনি। সঙ্গে মুখে চওড়া হাসি।
তবে সেঞ্চুরির পর ইনিংস দীর্ঘ করতে পারেননি লিটন। মোহাম্মদ সালেমের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ১০২ রানে উইকটেরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দেন তিনি। ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরির ইনিংসটি সাজান ১৪ চারে।
লিটন আউট হতেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৭২। আফগানিস্তানকে জিততে হলে দেড় দিনে করতে হবে ৪৭৮ রান।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি