২ নভেম্বর ২০২৬

মীরাকে প্রথম দেখায় জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ কাপুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম
মীরাকে প্রথম দেখায় জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ কাপুর

বাংলাপ্রেস ডেস্ক:  বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি শাহিদ কাপুর ও মীরা রাজপুতের দাম্পত্য জীবনের খুনসুটি ও মিষ্টি রসায়ন বরাবরই ভক্তদের আকর্ষণ করে। তবে তাদের প্রেমের শুরুর গল্পেও রয়েছে বেশ কিছু মজার ঘটনা। সম্প্রতি ছোট ভাই ঈশান খট্টরকে সঙ্গে নিয়ে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়েছিলেন শাহিদ ও মীরা। সেখানেই প্রথম সাক্ষাতের একটি মজার স্মৃতি শেয়ার করেন তারা।

প্রথমবার শাহিদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে মীরা বলেন, কয়েক ঘণ্টা গল্প করার পর হঠাৎই তাকে নিজের জুতার ছবি তুলতে বলেন অভিনেতা। এমন অদ্ভুত আবদারে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন তিনি।

মীরা জানান, প্রায় দুই থেকে তিন ঘণ্টা কথা বলার পর শাহিদ তাকে ফোন বের করে জুতার ছবি তুলতে বলেন। প্রথম সাক্ষাতে এমন অনুরোধে কিছুটা বিস্মিত হলেও শেষ পর্যন্ত ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলে দেন তিনি। এরপর ছবিটি দেখিয়ে জানতে চান, এতে বিশেষত্ব কী? তখন গর্বের সঙ্গে শাহিদ জানান, তার জুতা অন্ধকারে জ্বলে। মীরার কাছে বিষয়টি মোটেও বিশেষ কিছু মনে হয়নি।

তবে শহিদের এই অদ্ভুত জুতার পেছনে ছিল বিশেষ কারণ। অভিনেতা জানান, পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচতেই তিনি এমন বিশেষ জুতা ব্যবহার করতেন। প্রথম সাক্ষাতের সময় দুজনের বয়সের পার্থক্য নিয়েও মজার ছলে কথা বলেন তিনি।

শাহিদের ভাষ্য, প্রথম দেখা হওয়ার সময় মীরার বয়স ছিল ২০ বছর, আর তার নিজের ৩৪। দুজনের চিন্তাভাবনা আদৌ মিলবে কি না, তা নিয়ে ভাবতে ভাবতেই কখন যে সাত ঘণ্টা কেটে গিয়েছিল, বুঝতেই পারেননি তারা। অভিনেতার মতে, মীরা সিনেমা জগতের মানুষ নন বলে তার বিশেষ জুতার কৌশল বুঝতে পারবেন না, বিষয়টি তখন তার মাথায় আসেনি।

অনুষ্ঠানে বিয়ের আগে মীরার পরিবারের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন শাহিদ। সে সময় ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। সিনেমাটিতে টমি সিং চরিত্রের জন্য তার চুলে ছিল নজরকাড়া সবুজ রং। সেই লুক নিয়েই মীরার দিল্লির বাড়িতে হাজির হয়েছিলেন তিনি।

শাহিদ জানান, বাড়ির দরজা খুলেছিলেন তার হবু শ্বশুর। পেশায় প্রকৌশলী এবং আইআইটির সাবেক শিক্ষার্থী মীরার বাবাকে নিজের সবুজ চুল ও অদ্ভুত সাজসজ্জা দেখে কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন অভিনেতা।

সেই মুহূর্তের কথা স্মরণ করে শাহিদ জানান, তার শ্বশুর অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ একজন মানুষ। দরজা খুলে শহিদের সেই অদ্ভুত লুক দেখে তিনি কিছুক্ষণ যেন থমকে গিয়েছিলেন। তার মুখের অভিব্যক্তি দেখে শহিদের মনে হয়েছিল, মেয়েকে কেমন পাত্রের হাতে তুলে দিতে যাচ্ছেন, তা নিয়েই হয়ত ভাবছেন তিনি। সেই দৃশ্য আজও ভুলতে পারেননি অভিনেতা।

শুধু মীরার বাবাই নন, বিয়ের পর শহিদের ‘উড়তা পাঞ্জাব’ সিনেমা দেখেও বেশ অস্বস্তিতে পড়েছিলেন মীরা। দুজন একসঙ্গে এডিটিং রুমে বসে সিনেমাটি দেখেছিলেন। ছবি শেষ হওয়ার পর মীরার প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাহিদ মজা করে বলেন, মীরা সোফার অন্য প্রান্তে বসে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তার মনে তখন একটাই প্রশ্ন—কাকে বিয়ে করে ফেললেন তিনি!

অনুষ্ঠানে শহিদের ‘কবীর সিং’ সিনেমা নিয়েও চলে হাসি-ঠাট্টা। সঞ্চালক কপিল শর্মা ছবিটি নিয়ে মজা করলে শাহিদ জানান, এই সিনেমায় অভিনয়ের জন্য তাকে রাজি করিয়েছিলেন মীরাই। অন্যদিকে মীরা জানান, বিয়ের আগে শহিদের খুব বেশি সিনেমা দেখা হয়নি তার। তবে ‘জব উই মেট’ ছিল তার অন্যতম প্রিয় ছবি।

উল্লেখ্য, ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—মেয়ে মিশা ও ছেলে জাইন। ২০১৬ সালে জন্ম নেয় মিশা, আর ২০১৮ সালে তাদের পরিবারে আসে জাইন। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনেও তাদের হাসি-ঠাট্টা, ভালোবাসা ও খুনসুটির সম্পর্ক যে অটুট রয়েছে, কপিল শর্মার অনুষ্ঠানে তাদের কথোপকথনেই তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি