২০ অক্টোবর ২০২৬

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৪ এএম
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

বাংলাপ্রেস ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বরিশালের বরগুনা থেকে পঞ্চগড়গামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোরের দিকে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন এবং বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন কমপক্ষে ২৫ জন। উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে বিকট শব্দ শুনে সড়কে এসে মানুষের আর্তনাদ দেখতে পান তারা। পরে তারা নিজেরা এগিয়ে আসার পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এই ভয়াবহ দুর্ঘটনার উদ্ধার তৎপরতার কারণে কিছু সময় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে মরদেহগুলো উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পাশাপাশি আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও ৫ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিয়েছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, বনপাড়া হাইওয়ে থানা পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি