১২ আগস্ট ২০২৬

নায়িকাদের উপস্থাপন নিয়ে নতুন বিতর্ক, তামান্নার মন্তব্যে সরগরম চলচ্চিত্র অঙ্গন

নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:১০ পিএম
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক

 

বাংলাপ্রেস ডেস্ক:  রামচরণের বহুল আলোচিত সিনেমা ‘পেড্ডি’ মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন জাহ্নবী কাপুর। ছবিতে তাঁর ‘আচিয়াম্মা’ চরিত্রটি নিয়ে দর্শকদের একাংশ অভিযোগ করেন, চরিত্রটিকে যথাযথ গুরুত্ব না দিয়ে অশালীনভাবে উপস্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা বাড়তে থাকলে নির্মাতারা দুঃখ প্রকাশ করেন এবং ছবির কয়েকটি বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

এই বিতর্কের মধ্যেই অভিনেত্রী তামান্না ভাটিয়ার এক সাক্ষাৎকার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দুই দশকেরও বেশি সময় ধরে হিন্দি, তামিল ও তেলেগু সিনেমায় কাজ করা এই অভিনেত্রীর মতে, দক্ষিণি মূলধারার অনেক ছবিতে নারীদের যেভাবে উপস্থাপন করা হয়, তা সব সময় সম্মানজনক নয়; বরং অনেক ক্ষেত্রে ‘পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির’ প্রতিফলন দেখা যায়।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, দক্ষিণি চলচ্চিত্রে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন যে নারী চরিত্রকে অনেক সময় গল্পের কেন্দ্রীয় অংশ হিসেবে নয়, বরং পুরুষ দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করা হয়। তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

নাচের গান নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামান্না। তিনি বলেন, ‘আইটেম সং’ শব্দটি তিনি পছন্দ করেন না। তাঁর মতে, এগুলো মূলত ‘পার্টি সং’। অনেক সময় একটি সিনেমা ভুলে গেলেও সেই সিনেমার গান বছরের পর বছর দর্শকের মনে থেকে যায়। কারিনা কাপুরের ‘ছাম্মাক ছাল্লো’ কিংবা ক্যাটরিনা কাইফের ‘শীলা কি জওয়ানি’ ও ‘কামলি’র মতো গানকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

গ্ল্যামার প্রসঙ্গেও ভিন্ন মত প্রকাশ করেন এই অভিনেত্রী। তামান্নার ভাষায়, গ্ল্যামার তাঁর কাছে কেবল ক্যামেরার সামনে তৈরি করা একটি ইমেজ নয়; এটি তাঁর ব্যক্তিত্বেরই অংশ। তবে একই সঙ্গে তিনি মনে করেন, নারী তারকাদের ক্ষেত্রে সমাজে এখনো এক ধরনের দ্বৈত মানসিকতা কাজ করে - দর্শক একদিকে তাঁদের গ্ল্যামার দেখতে চান, অন্যদিকে সেই কারণেই সমালোচনাও করেন।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, দক্ষিণি বাণিজ্যিক সিনেমায় দীর্ঘদিন ধরেই নায়ককে গল্পের কেন্দ্রবিন্দুতে রাখা হলেও নায়িকাদের ভূমিকা অনেক সময় গান, প্রেম বা গ্ল্যামারের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। যদিও সাম্প্রতিক সময়ে নয়নতারা, সাই পল্লবী, কীর্তি সুরেশসহ বেশ কয়েকজন অভিনেত্রী নারীকেন্দ্রিক গল্পে অভিনয়ের মাধ্যমে সেই ধারা বদলানোর চেষ্টা করছেন।

তবে জাহ্নবী কাপুরকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক এবং তামান্না ভাটিয়ার মন্তব্য আবারও প্রশ্ন তুলেছে -মূলধারার ভারতীয় সিনেমায় নারী চরিত্রকে কি এখনো সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, নাকি ক্যামেরার দৃষ্টিভঙ্গি বদলাতে আরও সময় লাগবে?

 

বিপি/এসআর 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি