২৯ আগস্ট ২০২৬

নেপাল থেকে দেশে ফেরার প্রস্তুতি অপুদের, এখনও আটকে তাসরিফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম
নেপাল থেকে দেশে ফেরার প্রস্তুতি অপুদের, এখনও আটকে তাসরিফ

বাংলাপ্রেস ডেস্ক:  আকস্মিক বন্যা ও ভূমিধস ভয়াবহ হড়পা বানের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপাল। দেশটির হিমালয় অঞ্চলের একটি নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসেপড়ার পর এ ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রাণহানির পাশাপাশি নিখোঁজ রয়েছেন বিপুলসংখ্যক মানুষ।

এমন পরিস্থিতিতে নেপালে অবস্থান করা বাংলাদেশের অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীদের নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। প্রকৃতির এই মারাত্মক প্রলয়লীলায় এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

রাসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা জলবিদ্যুৎ প্রকল্প, সেতু, বহু ঘরবাড়ি ও যানবাহন মুহূর্তের মধ্যে ভেসে গেছে। এই চরম দুর্যোগে উদ্বেগ প্রকাশ করেছে নেপালে শুটিং করতে যাওয়া ‘শিকার’ সিনেমার পুরো টিম। কঠিন বিপদের মুখে পড়েছেন তারা।

‘শিকার’ সিনেমাটির নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, অপু বিশ্বাসসহ শুটিং ইউনিটের সবাই ভালো আছেন এবং তারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বন্ধুদের সঙ্গে নেপাল ভ্রমণে যাওয়া কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান আটকা পড়েন।

আগস্টের শুরু থেকে নেপালের বিভিন্ন লোকেশনে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। এ সিনেমাটিতে অভিনয় করছেন অপু বিশ্বাস, মুরতজা পলাশ, মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, টালিউডের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে।

এদিকে নেপালের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের খবর ছড়িয়ে পড়ার পর ‘শিকার’ সিনেমার শিল্পী-কলাকুশলীদের নিয়ে ভক্ত ও স্বজনদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়। পরে নির্মাতা বলেন, শুটিং ইউনিটের সবাই নিরাপদে আছেন। নির্ধারিত ফ্লাইটে আজই তাদের দেশে ফেরার কথা রয়েছে।

‘শিকার’ সিনেমার অপু বিশ্বাস বন্যার প্রভাব তাদের শুটিং এলাকায় তেমন পড়েনি বলে জানিয়েছেন। এ অভিনেত্রী বলেন, ‘আমরা পোখারাতে আছি। নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার রাস্তা ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। শুক্রবার ফ্লাইটে ঢাকা ফিরব।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’ তিনি বলেন, বন্যার খবর প্রকাশের পর অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও প্রিয়জন তাদের ফোন ও বার্তার মাধ্যমে খোঁজ নিয়েছেন। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য তিনি হৃদয় থেকে কৃতজ্ঞ।

অন্যদিকে বন্ধুদের নিয়ে নেপালে বেড়াতে গিয়ে আকস্মিক বন্যার কারণে আটকা পড়েছেন তাসরিফ খান। এক ভিডিওবার্তায় নেপালের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়েছেন তিনি।

এ গায়ক বলেন, ‘নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ। আকস্মিক বন্যার কারণে বিপুলসংখ্যক পর্যটক নিখোঁজ রয়েছেন। মৃত্যুর সংখ্যা শুধু বাড়ার সংবাদ আসতেছে। আমরা নিরাপদেই আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি