নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা নাড়া দিয়েছে বিশ্বজুড়ে অনেক তারকাকে। এবার বিপর্যস্ত নেপালিদের সহায়তায় এগিয়ে এসেছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডসের সদস্য লি নো।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে ১০ কোটি ওন অনুদান দিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি টাকারও বেশি।
জানা গেছে, গত ২৮ আগস্ট ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে এই অর্থ সহায়তা করেন লি নো। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি ত্রাণ এবং জীবিকা পুনরুদ্ধারে অনুদানের অর্থ ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন তিনি।
নিজের এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মাধ্যমে লি নো জানান, ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া মানুষদের জন্য তার এই সহায়তা কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে তিনি আশা করছেন।
লি নো বলেন, ‘আমি আশা করি আমার এই সহায়তা এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া মানুষদের কিছুটা শক্তি জোগাবে। আমি আশা করি, বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মাঠে ত্রাণকার্যে কর্মরত থাকা সবাই খুব দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবেন।’
ওয়ার্ল্ড ভিশন জানিয়েছে, লি নোর দেওয়া অর্থ বন্যায় বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য খাদ্য, অস্থায়ী আশ্রয়, নিরাপদ পানি ও মৌলিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ব্যয় করা হবে।
মানবিক কর্মকাণ্ডে লি নোর যুক্ত হওয়া অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই অসহায় শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন এই কে-পপ তারকা। ২০১৪ সাল থেকে শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগে সহায়তা করে আসছেন তিনি।
বিভিন্ন সময়ে বড় অঙ্কের অর্থ অনুদানের মাধ্যমেও মানুষের পাশে দাঁড়িয়েছেন লি নো। গানের জগতের পাশাপাশি তার এমন মানবিক কর্মকাণ্ডও ভক্ত ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
এবার নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন স্ট্রে কিডসের এই জনপ্রিয় সদস্য।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি