নতুন সিনেমা বানাচ্ছেন তানিম নূর
বাংলাপ্রেস ডেস্ক: গৎবাঁধা গল্পের বাইরে গিয়ে ভিন্নধর্মী নির্মাণে বরাবরই আগ্রহী নির্মাতা তানিম নূর। তার কাজ ঘিরে তাই দর্শকের কৌতূহলও থাকে বাড়তি।
এবার নতুন সিনেমার ঘোষণা দিয়ে সেই আগ্রহ আরও বাড়িয়ে দিলেন এই নির্মাতা।
ওয়েব সিরিজ ‘কাইজার’-এর মাধ্যমে গোয়েন্দা গল্পে দর্শকের প্রশংসা পেয়েছিলেন তানিম নূর। এবার ওটিটি ছেড়ে বড় পর্দার দর্শকদের জন্য গোয়েন্দা ঘরানার নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির নাম ‘মজনু এন্টারপ্রাইজ’। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় ছবি প্রকাশ করেন তানিম নূর। ছবিতে দেখা যায়, অন্ধকারে ঘেরা একটি ঘরের দরজা। সেখানে লেখা, ‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর তানিম নূর। সঙ্গে রয়েছে ‘কামিং ২০২৭’ লেখা। ছবিটি প্রকাশের পরপরই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয় আলোচনা।
নির্মাতার পোস্ট ঘিরে কৌতূহল বাড়লেও সিনেমাটির গল্প বা অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে তানিম নূর জানিয়েছেন, আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির।
কালের কণ্ঠকে নির্মাতা বলেন, ‘এখন একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে সবকিছু। লেখালেখির কাজ চলছে।
এরপর বাকি আপডেট জানাতে পারব। তবে আগামী বছর দুই ঈদের বাইরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
নির্মাণের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত তানিম নূর। ‘মজনু এন্টারপ্রাইজ’-এর পাশাপাশি ‘কানাভূলো প্যারাডক্স’ নামে একটি রোমান্টিক সায়েন্স ফিকশন হরর সিনেমা আসছেন তিনি। এতে তিনি প্রযোজক হিসেবে রয়েছেন।
সর্বশেষ ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তানিম নূর। এর আগে ‘উৎসব’ নির্মাণ করেও সাড়া ফেলেন তিনি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি