১৬ নভেম্বর ২০২৬

অমিতাভের রহস্যময় পোস্ট, কী থেকে ‘বেঁচে গেলেন’ তিনি?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ এএম
অমিতাভের রহস্যময় পোস্ট, কী থেকে ‘বেঁচে গেলেন’ তিনি?

বাংলাপ্রেস ডেস্ক:  সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের একটি রহস্যময় পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মুম্বাইয়ে তার বাড়ি ‘জলসা’সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকির মধ্যে নিজের এক্স অ্যাকাউন্টে ‘বাঁচ গেয়ে’ (বেঁচে গেলাম) লিখেছেন অভিনেতা।

তবে ঠিক কী কারণে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কিছুই খোলাসা করেননি তিনি।

গত ১৫ নভেম্বর রাতে পোস্টটি করেন অমিতাভ। এর আগে দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে দীপ নামে দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার পাশাপাশি মুম্বাইয়ে অমিতাভের বাড়িতেও হামলার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তদন্তকারীদের ধারণা, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অমিতাভের একটি মন্তব্যকে কেন্দ্র করে তাকে নিশানা করার পরিকল্পনা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।

এদিকে গত এক মাসে অমিতাভের বাড়ি ‘জলসা’কে লক্ষ্য করে তিন দফায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রথম হুমকিটি আসে ২৩ অক্টোবর, দ্বিতীয়টি ৬ নভেম্বর এবং তৃতীয়টি ১২ নভেম্বর।

এসব ই-মেইলে অমিতাভের বাড়ির পাশাপাশি মুম্বাইয়ের মেয়রের কার্যালয়, বোম্বে হাইকোর্ট, বোম্বে স্টক এক্সচেঞ্জ, বিমানবন্দর ও কয়েকটি ব্যাংকের নাম উল্লেখ করা হয়।

শুধু তাই নয়, আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে প্রতিটি হুমকির পর সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।

নিরাপত্তার স্বার্থে অমিতাভের বাড়ির বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ব্যারিকেড স্থাপন করা হয়েছে। গত ১ নভেম্বর ভক্তদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সময় বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে তাদের অভিবাদন জানান অভিনেতা।

তবে ৮ ও ১৫ নভেম্বরের সাক্ষাতে তাকে আর কাচের আড়ালে দেখা যায়নি। ১৫ নভেম্বর ছেলে অভিষেক বচ্চনকেও বাবার পাশে থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে দেখা যায়।

অন্যদিকে, গ্রেপ্তার দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাদের নেটওয়ার্ক এবং বিদেশে অবস্থানরত গ্যাং সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ ধারায় মামলাও করা হয়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি