অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লার আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটি তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপ্রতিম হত্যার ঘটনায় দায়ের করা মামলাটির প্রথমে তদন্ত শুরু করেন সদর দক্ষিণ মডেল থানার এসআই সাইফুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে এসআই সাইফুল ইসলাম জানান, এ মামলাটি এখন থেকে তদন্ত করবেন থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। আজ-কালের মধ্যে মামলার যাবতীয় নথিপত্র হস্তান্তর করা হবে।
নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপার কার্যালয় থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আদেশ হয়েছে। নথিপত্র পাওয়ার পর তদন্ত কাজ শুরু করা হবে। আশা করি, শিগগিরই তদন্তের পর দ্রুততম সময়ে আদালতে মামলার চার্জশিট দাখিল করতে পারব।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা নামক এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ অপ্রতিমের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও অপ্রতিমের মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ এ পর্যন্ত এ হত্যায় সরাসরি জড়িত সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), মো. কামরুল হাসান (১৬) এবং জড়িত সন্দেহে মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার করে। ওই দিন সিয়াম ছাড়া অপর তিনজন কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের আদেশে ফাহাদ ও কামরুলকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অপর দুজন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও সেখানে: জাতিসংঘে তারেক রহমান
সঙ্গীত একাডেমি