২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম
অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহের সন্ধান মেলে। এরপর ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।


রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, সবশেষ হিসাব অনুযায়ী, প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আজ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অপ্রতিম হত্যাকাণ্ডে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে মামলার অন্যান্য আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিদের বয়স নিয়েও যাচাই-বাছাই চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।


সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। নিহত অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয়, বন্ধুত্ব ও নিয়মিত ওঠাবসা ছিল। তারা প্রায়ই একসঙ্গে আড্ডা দিত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।


ঘটনার সময় খোয়া যাওয়া মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে। ফোনটি প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে পাওয়া গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।


তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিরা ঘটনার কথা স্বীকার করেছে। এখন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার বিষয়েও কাজ চলছে।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে নিহত অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তার দাফনও সম্পন্ন হয়েছে।


অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত চার্জশিট দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে। রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি