২২ মে ২০২৬

অস্ত্রধারী যুবক ও ‘ভাইকে সেইফ করেন’ চিৎকার, পাটওয়ারীর ওপর হামলার ভিডিও ভাইরাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৪৫ এএম
অস্ত্রধারী যুবক ও ‘ভাইকে সেইফ করেন’ চিৎকার, পাটওয়ারীর ওপর হামলার ভিডিও ভাইরাল

 

বাংলাপ্রেস ডেস্ক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় এক যুবককে অস্ত্র বের করে উদ্যত হতে দেখা গেছে। একই সঙ্গে চারপাশ থেকে ‘ভাইকে সেইফ করেন, ভাইকে সেইফ করেন’ বলে চিৎকার করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২২ মে) বেলা দুইটার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর হঠাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এর পরপরই সেখানে চরম উত্তেজনা ও হট্টগোল শুরু হয়।

ছড়ানো ভিডিওতে স্পষ্ট দেখা যায়, বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এক যুবক পকেট থেকে অস্ত্রসদৃশ বস্তু বের করেন। ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে আরেক যুবক তার হাত চেপে ধরে তাকে বিরত রাখেন।

ভিডিওতে আরও দেখা যায়, হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর চারপাশের লোকজন আতঙ্কিত হয়ে ‘ভাইকে সেইফ করেন, ভাইকে সেইফ করেন’ বলে চিৎকার করতে থাকেন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করেন।

এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ বা অস্ত্রধারী যুবকের পরিচয় জানা যায়নি।

হামলার ঘটনার বিষয়ে বেলা ৩টা ১০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা শুরু করে।

প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।’

হামলাকারীরা মুঠোফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে অভিযোগ করে ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন বলেন, ‘ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি