সাদ উদ্দিনের মাঠে ফিরতে লাগতে পারে এক বছর
বাংলাপ্রেস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। তবে এই আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের দল। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। শুধু তাই নয়, তার চোটের ধরন বিবেচনায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলংকার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে সতীর্থদের সহায়তা ছাড়াও নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি তিনি। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।
পরীক্ষা-নিরীক্ষায় সাদের গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে এই চোটের কারণে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আর না খেলতে পারার পাশাপাশি প্রায় এক বছরও মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
সাদের চোটের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কিংস অ্যারেনায় দলের অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জামাল জানান, সাদের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার কথা শুনেছেন তিনি। এমনটা হলে অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফুটবলারের।
সাদের অনুপস্থিতিতে দলে বিকল্প খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জামাল। তার মতে, সাদের জায়গায় অন্য কাউকে প্রস্তুত রাখতে হবে। ইতোমধ্যে হৃদয়কে সেন্টারব্যাক পজিশনে খেলতে দেখা গেছে। তাই দলের প্রয়োজনে পুরো স্কোয়াডের খেলোয়াড়দেরই প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে বড় জয়ের পর সাদের এমন চোট বাংলাদেশের জন্য বড় ধাক্কা। বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য তাকে হারানোর আশঙ্কা দলের রক্ষণভাগে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি