১২ নভেম্বর ২০২৬

সাফে বড় জয়ের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ এএম
সাফে বড় জয়ের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ দল। জাতীয় স্টেডিয়ামে দারুণ এই জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ওঠার আনন্দের মাঝেই বড় ধাক্কা খেল লাল-সবুজের শিবির। গুরুতর চোটের কারণে চলমান দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর থেকে ছিটকে গেছেন ফর্মে থাকা ডিফেন্ডার সাদ উদ্দিন।

বুধবার (১১ নভেম্বর) ম্যাচের ৮১ মিনিটে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সাদ। আঘাত এতটাই গুরুতর ছিল যে, স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে সরাসরি অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় তাকে। মেডিকেল রিপোর্টে তার গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার লাগবে কি না তা এখনো নিশ্চিত না হলেও, দলীয় সূত্রে জানা গেছে এবারের সাফে আর মাঠে নামা হচ্ছে না তার।

ইন্দোনেশিয়ায় সবশেষ ফিফা আসিয়ান কাপ থেকেই দারুণ ছন্দে ছিলেন সাদ। সাফের প্রথম দুই ম্যাচেই মূল একাদশে খেলে রক্ষণভাগ সামলেছেন ভরসা হয়ে। তার এমন চোটে কপালে চিন্তার ভাঁজ পড়েছে কোচ টমাস ডুলির। ম্যাচ শেষে অনানুষ্ঠানিক আলোচনায় মার্কিন এই কোচ জানান, সাদের চোট বেশ গুরুতর এবং টুর্নামেন্টে তাকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই।

সাদের ছিটকে যাওয়ার দুঃসংবাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষকে নিয়ে। চোটের কারণে কয়েক দিন মাঠের বাইরে থাকা এই দুই অভিজ্ঞ ডিফেন্ডার আজ দলের সঙ্গে প্রায় পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন। এদিন সকালের অনুশীলনে মূলত আগের দিনের ম্যাচে না খেলা ফুটবলাররাই অংশ নেন। আর শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ফুটবলাররা হোটেলে রিকভারি সেশন কাটিয়েছেন।

আট বছর পর ঘরের মাঠে অনুষ্ঠিত সাফে হামজা চৌধুরীদের খেলায় যখন পুরো দেশ মেতে উঠেছে, তখন দলীয় ব্যবস্থাপনার কিছু অসংগতিও চোখে পড়েছে। দলের আনুষ্ঠানিক দলনেতা ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেনকে গত কয়েক দিন অনুশীলন কিংবা স্টেডিয়ামে দেখা যায়নি।

এছাড়া আমিরুল ইসলাম বাবু ম্যানেজারের দায়িত্বে থাকলেও মূল সমন্বয়ের কাজটি করতে হচ্ছে কো-অর্ডিনেটর আমের খানকে। অন্যদিকে, দলের আনুষ্ঠানিক কোনো পদে না থেকেও ক্যাম্প শুরুর পর থেকে হোটেল, বিমানবন্দর ও অনুশীলন মাঠে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন ফেডারেশন সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি