শাহরুখের ব্যবহারে মুগ্ধ হিনা খান, শোনালেন বিমানযাত্রার স্মৃতি
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: বলিউডের কিং খান শাহরুখ খানের সঙ্গে প্রথম দেখা—যেকোনো তারকার কাছেই স্মরণীয় এক অভিজ্ঞতা। তবে টেলিভিশন তারকা হিনা খানের সেই প্রথম সাক্ষাতের গল্পে রয়েছে খানিকটা উৎকণ্ঠা, অপেক্ষা আর শেষ পর্যন্ত শাহরুখের কথা রাখার একটি সুন্দর স্মৃতি।
সম্প্রতি রকি জায়সবাল, রুবিনা দিলায়েক ও অভিনব শুক্লের পডকাস্ট ‘পিওভি’-তে শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন হিনা। সে সময় তার অভিনয়জীবনের বয়স মাত্র দেড় বছর। ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর শুটিং শুরু হওয়ার প্রায় দেড় বছর পর একটি বিমানে হঠাৎই শাহরুখের সঙ্গে দেখা হয় তার।
সেই মুহূর্তের কথা স্মরণ করে হিনা বলেন, ‘শাহরুখের সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়, আমরা একই বিমানে ছিলাম।
’নিজের পাশের আসনে শাহরুখ খানকে দেখে প্রথমে যেন বিশ্বাসই করতে পারেননি তিনি। কিং খান তখন ঘুমিয়ে ছিলেন। বিস্মিত হিনার মনে হচ্ছিল, সত্যিই কি তার পাশেই বসে আছেন বলিউডের অন্যতম বড় তারকা!
হিনা বলেন, ‘জোরে নিঃশ্বাস নিয়ে আবার তাকিয়ে দেখি, শাহরুখ ঘুমোচ্ছিলেন। বিশ্বাসই করতে পারিনি।
শাহরুখের সঙ্গে একটি ছবি তোলার ইচ্ছা ছিল তার। কিন্তু অভিনেতা তখন গভীর ঘুমে। কিছুক্ষণ পর কফি খাওয়ার জন্য ঘুম থেকে উঠলে সাহস করে তার কাছে গিয়ে ছবি তোলার অনুমতি চান হিনা। শাহরুখ তাঁকে অপেক্ষা করতে বলেন এবং ছবি তুলবেন বলেও আশ্বাস দেন।
তবে কফি পান শেষে আবারও ঘুমিয়ে পড়েন শাহরুখ।
এদিকে ছবি তোলার আশায় উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকেন হিনা। একসময় বিমান অবতরণের সময়ও চলে আসে। তখন তিনি ভেবেছিলেন, হয়তো আর কিং খানের সঙ্গে ছবি তোলার সুযোগ হবে না।
হিনা বলেন, ‘আমি অপেক্ষা করতে থাকি। এরপর বিমান অবতরণ করে। ভাবলাম, আর সুযোগ হলো না। কিন্তু ততক্ষণে শাহরুখ ঘুম ভেঙে উঠে আমাকে ডাকেন। তার পরে ছবি তুলি।’
বিমান থেকে নামার পরও একই কোচে ছিলেন তারা। সেখানেও শাহরুখকে গিয়ে শেষের আসনে বসে আবার ঘুমিয়ে পড়তে দেখেন হিনা। পরে জানতে পারেন, সে সময় একটি সিনেমার প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন শাহরুখ। টানা কয়েক দিন ঠিকমতো ঘুমানোর সুযোগও পাননি। তাই যাতায়াতের সময়টুকুই ছিল তার বিশ্রামের ভরসা।
চূড়ান্ত ক্লান্তির মধ্যেও হিনাকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাননি শাহরুখ। ঘুম ভাঙার পর তাকে ডেকে ছবি তোলার সুযোগ করে দেন তিনি। কিং খানের এই আচরণ আজও বিশেষভাবে মনে রেখেছেন হিনা।
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার কাজ নিয়ে। এই সিনেমায় তাকে মেয়ে সুহানা খানের সঙ্গে একই পর্দায় দেখা যাবে। বাবার হাত ধরেই বড় পর্দায় নতুনভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সুহানা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি