শাহরুখের অনুরোধেই ‘কিং’-এ কণ্ঠ দিলেন এড শিরান
বাংলাপ্রেস ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের অনুরোধেই তার আসন্ন সিনেমা ‘কিং’-এর গানে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। গত ২ নভেম্বর শাহরুখের ৬১তম জন্মদিনে প্রকাশিত সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’-তে এড শিরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী।
এই গানের মধ্য দিয়ে বলিউডে সংগীতশিল্পী হিসেবে অভিষেক হলো এড শিরানের।
মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ইনস্টাগ্রামে গানটি তৈরির পেছনের গল্প জানিয়েছেন এড শিরান। প্রথমবার শাহরুখের সঙ্গে পরিচয়ের স্মৃতিচারণা করে তিনি জানান, তাদের প্রথম সাক্ষাতেই শাহরুখ তাকে নিজের পরবর্তী সিনেমার জন্য একটি গান তৈরি করতে বলেছিলেন। সেই অনুরোধ থেকেই ‘কিং’ সিনেমার গানে যুক্ত হন তিনি।
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে গানটি রেকর্ড করার মুহূর্ত তুলে ধরেছেন এড শিরান। সেখানে তাকে হিন্দি অংশেও গাইতে দেখা যায়। ভিডিওর সঙ্গে ‘তু মিল যায়ে’ গানের কিছু অংশও যুক্ত করেছেন তিনি।
ভিডিওর ক্যাপশনে এড শিরান লেখেন, ‘শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি বলেছিলেন, তার পরবর্তী সিনেমার জন্য আমাকে একটি গান তৈরি করতে হবে।
সেটিই হবে বলিউডে আমার প্রথম গান। বছরের পর বছর আমাদের পরিচয় আরো গভীর হয়েছে। আমি তাকে ভালোবাসি।’
তিনি আরো জানান, ভারতে সর্বশেষ সফরের সময় শাহরুখের বাড়িতে গিয়েছিলেন। নিজের ‘স্যাফায়ার’ মিউজিক ভিডিওতে অতিথি চরিত্রে অভিনয়ের জন্যও শাহরুখকে অনুরোধ করেছিলেন।
এ ছাড়া প্রথম সাক্ষাতের দিনই শাহরুখ তাকে সংগীত পরিচালক জুটি শচীন-জিগরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেদিন রাতেই ‘তু মিল যায়ে’ গানের নিজের অংশটি লিখে রেকর্ড করেন এড শিরান।
গানটিতে অরিজিৎ সিংয়ের কণ্ঠ থাকায়ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। এড শিরানের ভাষায়, তার পছন্দের মানুষদের একসঙ্গে একই প্রকল্পে পেয়ে ভালো লাগছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
সিনেমাটিতে আরো অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও অভয় ভার্মা। বিশেষ একটি নাচের দৃশ্যে দেখা যাবে কারিনা কাপুরকেও।
‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর পর আবারও শাহরুখ ও দীপিকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। ‘তু মিল যায়ে’ গানটিতে রোমান্টিক আবহের পাশাপাশি রয়েছে অ্যাকশন দৃশ্যও।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে মৌসুমী, জন্মদিনে স্ত্রীকে নিয়ে আবেগঘন সানী
সঙ্গীত একাডেমি