সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
বাংলাপ্রেস ডেস্ক:সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়েছে।
অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক হওয়া খাতগুলো হলো সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিংসেবা প্রদানকারী খাত এবং মোবাইল ব্যাংকিংসেবা প্রদানকারী খাত।
এ বিষয়ে এনবিআরের আদেশে বলা হয়, মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ১১৮(ক) এ প্রদত্ত ক্ষমতাবলে বর্ণিত খাতগুলোর ক্ষেত্রে পণ্যের উৎপাদনকারীদের এবং বর্ণিত সেবা খাতগুলোর ক্ষেত্রে সরবরাহকারীদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) eVAT পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র প্রদান বাধ্যতামূলক করা হলো। যদি কোনো নিবন্ধিত ব্যক্তি উপরোল্লিখিত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহ কার্যক্রমের সঙ্গেও জড়িত থাকেন, তবে তার ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে।
আদেশে আরো বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক-সংক্রান্ত ইতিপূর্বে কোনো আদেশ জারি করে থাকলে, এই আদেশ জারির পর ওই আদেশগুলো বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড এই আদেশে বর্ণিত খাতগুলোর তালিকায় যেকোনো সময় সংযোজন বা বিয়োজনের ক্ষমতা সংরক্ষণ করে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনের চূড়ান্ত রিপোর্ট সংসদে উত্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী
সঙ্গীত একাডেমি