তাপপ্রবাহে পুড়ছে দেশ, বৃহস্পতিবার হতে পারে বৃষ্টি
বাংলাপ্রেস ডেস্ক: জুনের শুরুতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বর্তমানে ঢাকাসহ অন্তত ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, যা গরমের তীব্রতা কমাতে সহায়ক হবে।
বুধবার (৩ জুন) সকাল থেকেই ঢাকার আকাশ ছিল প্রায় মেঘমুক্ত। প্রখর রোদ ও গরম বাতাসে দুপুরের পর পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।
তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না। যারা কাজের প্রয়োজনে বাইরে যাচ্ছেন, তারা ছাতা, টুপি ও পানির বোতল সঙ্গে রাখছেন। অনেককে রাস্তার পাশে শরবত ও পানি পান করে সাময়িক স্বস্তি নিতে দেখা গেছে।
বেসরকারি চাকরিজীবী আহসান হাবিব বলেন, সকালে অফিসে যাওয়ার সময় থেকেই ঘামে ভিজে যেতে হচ্ছে। দুপুরের পর গরম আরও অসহনীয় হয়ে ওঠে এবং মাথাব্যথার মতো সমস্যাও দেখা দেয়।
অন্যদিকে রিকশাচালক রমিজ উদ্দিন জানান, প্রচণ্ড গরমে রিকশা চালানো কষ্টকর হয়ে পড়েছে। কিছুক্ষণ পরপর পানি পান করতে হচ্ছে, আবার যাত্রীও তুলনামূলক কম পাওয়া যাচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এল নিনোর প্রভাবও এ অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে আগামীকাল থেকে আকাশে মেঘের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। এতে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা কমে আসবে।
তিনি আরও বলেন, পর্যাপ্ত বৃষ্টিপাত শুরু হলে চলমান তাপপ্রবাহের তীব্রতা কমবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের
সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
এসএসসির খাতা ‘ঠিকমতো না দেখা’ পরীক্ষকদের জবাবদিহি করা হবে: শিক্ষামন্ত্রী
সঙ্গীত একাডেমি