তীব্র বায়ুদূষণে বিপর্যস্ত মালয়েশিয়া, বন্ধ বহু স্কুল
বাংলাপ্রেস ডেস্ক: প্রতিবেশী ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ায় তীব্র বায়ুদূষণের কবলে পড়েছে মালয়েশিয়া। আর এই আগুনের ধোঁয়ায় মালয়েশিয়ায় বায়ুদূষণ পৌঁছেছে অস্বাস্থ্যকর পর্যায়ে। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার (৯ অক্টোবর) দেশটির কয়েকটি প্রদেশ, রাজধানী কুয়ালালামপুর ও প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃৃপক্ষ।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে মালয়েশিয়ার ৩৭টি এলাকায় বায়ুদূষণের মাত্রা ছিল অস্বাস্থ্যকর। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক জানান, দেশটির জোহর, মালাক্কা, নেগেরি সেমবিলান ও সেলাঙ্গর প্রদেশে শুক্রবার স্কুল বন্ধ থাকবে।
একই সিদ্ধান্ত কার্যকর হবে রাজধানী কুয়ালালামপুর ও প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়াতেও। এ ছাড়া পাহাং প্রদেশের রমপিন জেলাতেও স্কুল বন্ধ থাকবে বলে জানান তিনি।
ফাদলিনা সিদেক বলেন, ‘ধোঁয়াশার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখতে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি সব প্রদেশের শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা কার্যালয়কে নির্দেশ দিয়েছি।’
মালয়েশিয়ার বায়ুদূষণ সূচক অনুযায়ী, ১০১ থেকে ২০০ পর্যন্ত সূচককে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দেশটির ৩৭টি এলাকায় বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।
রয়টার্স বলছে, ইন্দোনেশিয়ার কয়েকটি প্রদেশে বন ও ভূমিতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এসব আগুনের কারণে ঘন ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ধোঁয়াশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো সম্মত হয়েছেন। এ কাজে ইন্দোনেশিয়াকে সহায়তা করতেও প্রস্তুত মালয়েশিয়া।
আনোয়ার আরও জানান, ধোঁয়াশা মোকাবিলায় আঞ্চলিকভাবে সমন্বিত পদক্ষেপ নেয়া এবং ইন্দোনেশিয়ার প্রচেষ্টায় সহায়তার বিষয়ে আলোচনার জন্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্যদেশগুলোর মন্ত্রীদের একটি বৈঠক আয়োজনের উদ্যোগ নিতে তিনি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি