তিতাসের নতুন কূপ উদ্বোধন, দৈনিক মিলবে ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাপ্রেস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এই কূপ থেকে দৈনিক গড়ে ১২–১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর তিতাস গ্যাসক্ষেত্রের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকার ‘সি’ লোকেশনে কূপটির খননকাজ শুরু হয়। চলতি বছরের ১৯ জুন খননকাজ শেষ হয়।
কূপটি ৩ হাজার ৬০১ মিটার গভীর। খনন শেষে কূপটির কমপ্লিশন কাজ করা হয়। পরে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) ও উৎপাদন পরীক্ষা চালানো হয়। পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহের পর শনিবার থেকে কূপটি আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
বিজিএফসিএল-এর প্রতিবেদনে কূপটি থেকে দৈনিক গড়ে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের কথা বলা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি জানিয়েছে, কূপটি খনন ও সংশ্লিষ্ট কাজে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হয়েছে। নতুন কূপের গ্যাস দেশের সামগ্রিক সরবরাহ বাড়ানোর পাশাপাশি শিল্প ও বিদ্যুৎ খাতে পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখবে।
তিতাস-২৮ কূপটি ‘তিতাস ও কামতা ফিল্ডে চারটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ প্রকল্পের আওতায় খনন করা হয়েছে। প্রকল্পের আওতায় তিতাস ও কামতা গ্যাসক্ষেত্রে মোট চারটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিতাসে আরও দুটি কূপ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিকসহ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বিজিএফসিএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীসহ অতিথিরা তিতাস গ্যাসক্ষেত্রে চলমান গভীর অনুসন্ধান কূপ তিতাস-২৯ ও তিতাস-৩১-এর খননকাজ পরিদর্শন করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা পাবেন
সঙ্গীত একাডেমি