যুক্তরাষ্ট্রে ভূত উৎসবের সপ্তাহান্তে সহিংসতায় অন্তত আটজন নিহত, আহত বহু মানুষ
ভূত উৎসব উপলক্ষে সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি শহরে গোলাগুলিতে কমপক্ষে আটজন নিহত
নোমান সাবিত: হ্যালোইন বা ভূত উৎসব উপলক্ষে সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি শহরে গোলাগুলিতে কমপক্ষে আটজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ডালাসের সংগীত, রেস্তোরাঁ ও নৈশবিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিত ডিপ এলাম এলাকায় কয়েকটি গোলাগুলির ঘটনায় চারজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
আরকানসাসের ফায়েটভিল, আলাবামার বার্মিংহাম, ডেলাওয়্যারের নিউয়ার্ক এবং ইলিনয়ের ব্লুমিংটনের মতো বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শহরগুলোর নৈশবিনোদন এলাকাতেও এ সপ্তাহান্তে গোলাগুলির খবর জানিয়েছে পুলিশ।
ডালাসের পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো জানান, শনিবার রাতে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের ব্যবধানে ঘটে যাওয়া গোলাগুলির ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। পৃথক তিনটি স্থানে গোলাগুলি হয়। কী কারণে এসব ঘটনা শুরু হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কোমো জানান। তবে কতজনকে এবং কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।
কোমো বলেন, “ঘটনাস্থল অনেক বড় এবং বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে আছে। আমরা গ্রেপ্তার করা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছি। এখানকার সব গোলাগুলির ঘটনার সঙ্গে তাঁদের ঠিক কী সম্পর্ক, তা বোঝার চেষ্টা চলছে।”
গোলাগুলির আগেই ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছিল। কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি।
ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়গুলোর ফুটবল ম্যাচের পর গোলাগুলি
আলাবামার বার্মিংহামে শনিবার রাতে বার্ষিক ‘ম্যাজিক সিটি ক্ল্যাসিক’ ফুটবল ম্যাচের পর লিজিয়ন ফিল্ডের ঠিক বাইরে নির্বিচার গোলাগুলিতে একজন নিহত এবং আটজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
বার্মিংহাম পুলিশ বিভাগের প্রধান মাইকেল পিকেট জানান, খেলা শেষে অধিকাংশ দর্শক ও পরিবার স্টেডিয়াম এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। তবে কাছেই গ্রেমন্ট অ্যাভিনিউতে বিক্রেতাদের অস্থায়ী দোকানপাটের পাশে গোলাগুলি ঘটে।
তিনি বলেন, আরও বেশি মানুষ আহত না হওয়ায় তিনি “অত্যন্ত কৃতজ্ঞ”। কী পরিস্থিতিতে গোলাগুলি ঘটেছে, তা স্পষ্ট নয়।
পুলিশের মুখপাত্র ডি’রেল ফ্রিম্যান জানান, একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে “একাধিক অস্ত্র” উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
আলাবামা স্টেট ও আলাবামা এ অ্যান্ড এম ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত দুটি বিশ্ববিদ্যালয় এবং দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী। তাদের বার্ষিক এই প্রতিযোগিতা শত বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। শনিবারের ম্যাচে প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। আলাবামা এ অ্যান্ড এম ৩১–২৮ ব্যবধানে জয়ী হয়। কলেজ ফুটবলের সংশ্লিষ্ট বিভাগে দেশের সবচেয়ে বেশি দর্শকসমাগম হওয়া ম্যাচগুলোর একটি এটি।
ম্যাজিক সিটি ক্ল্যাসিকের ইতিহাস এতটাই সমৃদ্ধ যে আলাবামা স্টেটের কোচ এডি রবিনসন জুনিয়র এই ম্যাচের জন্য একটি ‘হল অব ফেম’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী এবং এনএফএলের সাবেক লাইনব্যাকার।
ডেলাওয়্যারের নিউয়ার্কে শনিবার গভীর রাতে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যার ক্যাম্পাসের কাছে ছয়জন গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন নিউয়ার্ক পুলিশের লেফটেন্যান্ট গ্রেগ ডি’এলিয়া। রোববার ভোরে পুলিশ জানায়, ছয়জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার বিকেল পর্যন্ত তাঁদের শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানান, তদন্তসংক্রান্ত নতুন তথ্য পাওয়া গেলে অনলাইনে প্রকাশ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে দেখা যায়। পুলিশ জানায়, গোলাগুলির পর শহরের মেইন স্ট্রিটের একটি অংশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল।
ইলিনয়ের ব্লুমিংটনে রোববার ভোরে গোলাগুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত এবং আরেক নারী গুরুতর আহত হন। আরও ছয়জন এমন আঘাত পান, যা প্রাণঘাতী নয়। তবে শহরের পুলিশ বিভাগ ও ম্যাকলিন কাউন্টির করোনারের কার্যালয়ের বিবৃতি থেকে স্পষ্ট নয়, ওই ছয়জনও গুলিবিদ্ধ হয়েছিলেন কি না।
ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে ঘটনাটি ঘটে। ব্লুমিংটন শিকাগো থেকে প্রায় ১৩৫ মাইল বা ২১৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
আরকানসাসে দুটি গোলাগুলির ঘটনা
আরকানসাসের লিটল রকের দক্ষিণ-পশ্চিমে একটি ছোট শপিং কমপ্লেক্সের কাছে রোববার ভোরে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত এবং “আরও কয়েকজন” আহত হয়েছেন বলে শহরের পুলিশ ফেসবুকে জানিয়েছে। আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
একই অঙ্গরাজ্যের ফায়েটভিলে রোববার ভোরে আরেকটি গোলাগুলির ঘটনায় ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, গোলাগুলির আগে সেখানে বাগ্বিতণ্ডা হয়েছিল।
হ্যালোইনের সামগ্রী বিক্রির দোকানে দুটি হামলা
শুক্রবার ক্যালিফোর্নিয়া ও মিশিগানে ‘স্পিরিট হ্যালোইন’ নামের দোকানে পৃথক গোলাগুলির ঘটনায় দুজন নিহত হন।
ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে একটি শপিং মলের ভেতরের দোকানে গোলাগুলির ঘটনাটি নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হামলা বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, নিহত ৩১ বছর বয়সী নারী অন্তঃসত্ত্বা ছিলেন। আরও ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ডেট্রয়েটের উত্তরে মিশিগানের ম্যাডিসন হাইটসে শুক্রবার বিকেলে আরেকটি স্পিরিট হ্যালোইন দোকানে ২১ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ আরেক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার সময় আশপাশের লোকজন তাঁকে মারধর করেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে পুলিশ জানিয়েছে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাইন্যান্সের ক্রিপ্টো চুরির পেছনে উত্তর কোরিয়া, দাবি এফবিআইয়ের
২২ কোটি ৭০ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতির দায় স্বীকার ভারতীয় নাগরিকের
পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই বিদেশির
সঙ্গীত একাডেমি