১১ অনন্য রেকর্ডের সামনে লিওনেল মেসি
বাংলাপ্রেস ডেস্ক: তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালের মঞ্চে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। ২০১৪ সালে স্বপ্নভঙ্গ হলেও ২০২২ সালে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা। এবার স্পেনের বিপক্ষে ফাইনালে শুধু ট্রফি ধরে রাখার লক্ষ্য নয়, ব্যক্তিগতভাবেও একগুচ্ছ ইতিহাস গড়ার সুযোগ থাকছে আর্জেন্টাইন অধিনায়কের সামনে। ম্যাচটিতে ১১টি অনন্য রেকর্ড ভাঙার হাতছানি দিচ্ছে এই কিংবদন্তি ফুটবলারকে।
ফাইনালে সবচেয়ে বেশি বয়সি নন-গোলরক্ষক খেলোয়াড়
ফাইনালের দিন মেসির বয়স হবে ৩৯ বছর ২৫ দিন। এতে গোলরক্ষক বাদে বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সি ফুটবলার হবেন তিনি। তবে সব মিলিয়ে রেকর্ডটি রয়েছে ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে। ১৯৮২ বিশ্বকাপ ফাইনালে তিনি খেলেছিলেন ৪০ বছর ১৩৩ দিন বয়সে।
তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা দ্বিতীয় অধিনায়ক
স্পেনের বিপক্ষে মাঠে নামলেই মেসি হবেন ইতিহাসের দ্বিতীয় অধিনায়ক, যিনি তিনটি বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দেবেন। এর আগে একমাত্র ব্রাজিলের কাফু এই কীর্তি গড়েছিলেন (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২)।
আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে তিন ফাইনাল
আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করার প্রথম খেলোয়াড় হতে যাচ্ছেন মেসি। পেছনে ফেলবেন দিয়েগো ম্যারাডোনাকে, যিনি দুইবার আর্জেন্টিনাকে ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন।
দুই বিশ্বকাপ জেতা প্রথম অধিনায়ক হওয়ার সুযোগ
দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি রয়েছে ব্রাজিল, ইতালি ও আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের। তবে অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপ জেতার নজির এখনো কারও নেই। আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হলে লিওনেল মেসিই হবেন ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি দুইবার বিশ্বকাপ ট্রফি তুলবেন।
ফাইনালে গোল করলে বয়সি গোলদাতার রেকর্ড
ফাইনালে গোল করতে পারলে বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি বয়সি গোলদাতা হওয়ার রেকর্ড গড়বেন মেসি। বর্তমানে এই রেকর্ড সুইডেনের নিলস লিডহোমের। ১৯৫৮ সালের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তিনি গোল করেছিলেন ৩৫ বছর ২৬৪ দিন বয়সে।
এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল
এখন পর্যন্ত বিশ্বকাপে মেসির গোল সংখ্যা আট। ফাইনালে গোল করলে ১৯৩০ সালে গিলেরমো স্তাবিলের করা আট গোলের রেকর্ড ছাড়িয়ে আর্জেন্টিনার হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হবেন তিনি।
এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক
ফাইনালে দুই গোল করতে পারলে মেসি এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করা ইতিহাসের চতুর্থ ফুটবলার হবেন। এর আগে ফ্রান্সের সাবেক স্ট্রাইকার জাস্ট ফন্টেইন (১৩), হাঙ্গেরির স্যান্ডর কোসিস (১১) ও জার্মানির গার্ড মুলার (১০) এই কীর্তি গড়েছেন।
দুই বিশ্বকাপ ফাইনালে গোলের রেকর্ড
২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুই গোল করেছিলেন মেসি। এবার গোল করতে পারলে দুই বিশ্বকাপ ফাইনালে গোল করা ষষ্ঠ ফুটবলার হবেন তিনি। এই তালিকায় আছেন ভাভা, পেলে, পল ব্রেইটনার, জিনেদিন জিদান ও কিলিয়ান এমবাপে।
বিশ্বচ্যাম্পিয়ন দলের হয়ে সর্বোচ্চ গোল
আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারলে মেসি বিশ্বকাপজয়ী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে পারেন। বর্তমানে রেকর্ডটি ব্রাজিলের রোনালদোর। ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পথে তিনি করেছিলেন আট গোল।
ফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড
২০২২ ফাইনালে দুই গোল করেছিলেন মেসি। এবার আরও দুই গোল করতে পারলে কিলিয়ান এমবাপের চার গোলের রেকর্ড স্পর্শ করবেন। আর হ্যাটট্রিক করতে পারলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ পাঁচ গোলের নতুন রেকর্ড গড়বেন।
টানা দুই বিশ্বকাপ জয়ের সঙ্গে বয়সের রেকর্ড
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ব্রাজিল (১৯৫৮, ১৯৬২) ও ইতালির (১৯৩৪, ১৯৩৮) পর তৃতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। একই সঙ্গে মেসি হবেন টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলার। বর্তমানে রেকর্ডটি ব্রাজিলের নিলটন সান্তোসের (৩৭ বছর)।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি