১৬ বছরেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপের পর প্রথম অভিযানের জন্য দল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। এই দলেই মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্র জাতীয় দলে (ইউএসএমএনটি) ডাক পেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের উদীয়মান অ্যাটাকিং মিডফিল্ডার কাভান সুলিভান।
সেপ্টেম্বর-অক্টোবরের আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য পচেত্তিনোর ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ তারকা।
সামনে চারটি প্রীতি ম্যাচের সূচিতে যুক্তরাষ্ট্রের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় থাকা ১৩ জন নতুন মুখদের মধ্যে সুলিভান অন্যতম। কোনো একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেই যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবলের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অভিষেকের রেকর্ড গড়বেন তিনি। এমএলএস মৌসুম পুনরায় চালু হওয়ার পর ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সুলিভানকে নিয়ে মার্কিন ফুটবলে এখন উন্মাদনা তুঙ্গে।
বাংলাদেশি ফুটবলপ্রেমীদের কাছে কাভান সুলিভানের এই সাফল্য এক নতুন আনন্দের মাত্রা যোগ করেছে। তার নানি সুলতানা আলম ঢাকার বাসিন্দা ছিলেন। এমনকি কাভানের দুই বড় যমজ ভাই রোনান ও ডিকলান ইতোমধ্যে অনূর্ধ্ব-২০ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
মাত্র ১৪ বছর বয়সে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে পেশাদার ফুটবলে পা রাখা সুলিভানের ক্যারিয়ারে এই ডাক আরও একটি বড় মাইলফলক।
আগামী ২৮ সেপ্টেম্বর ১৭ বছরে পা দিতে যাওয়া এই বিস্ময় বালকের ১৮ বছর পূর্ণ হলেই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে আছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি