১৮ নভেম্বর ২০২৬

আবারও কি যুদ্ধের ময়দানে নামছে যুক্তরাষ্ট্র-ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম
আবারও কি যুদ্ধের ময়দানে নামছে যুক্তরাষ্ট্র-ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানের সঙ্গে উত্তেজনা আবারও বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এতে নতুন করে বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযান শুরুর প্রায় ৯ মাস পরও সংঘাত অবসানের আন্তর্জাতিক প্রচেষ্টা থমকে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও হামলার হুমকি দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি দাবি করছেন, যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কতটা বেড়েছে?

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গত সোমবার জানিয়েছে, ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। গত সেপ্টেম্বরে সান দিয়েগো ছেড়ে আসা এই রণতরির সঙ্গে হাজার হাজার অতিরিক্ত সেনাসদস্যও এ অঞ্চলে এসেছে। রুজভেল্ট ও এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ, যা এপ্রিলে মধ্যপ্রাচ্যে পৌঁছেছিল এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন, যা আগস্টে মোতায়েন করা হয়। ২০০৩ সালের পর প্রথমবারের মতো গত এপ্রিলে একই সময়ে এ অঞ্চলে তিনটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছিল পেন্টাগন।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবহরে রয়েছে ১৩টি ডেস্ট্রয়ার, দুটি ক্রুজার এবং একটি লিটোরাল কমব্যাট শিপ। এ ছাড়া লোহিত সাগরে রয়েছে আরও দুটি ডেস্ট্রয়ার। তিনটি জাহাজে প্রায় ২ হাজার মেরিন সেনা বহনকারী একটি উভচর সামরিক দলও রয়েছে, তবে সেটি এখনো পৌঁছায়নি।

প্রাথমিকভাবে জর্জ ওয়াশিংটনের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল রুজভেল্টের। তবে তিনটি রণতরি কত দিন একই সময়ে এ অঞ্চলে অবস্থান করবে, তা এখনো স্পষ্ট নয়।

সর্বশেষ উত্তেজনা বৃদ্ধির কারণ কী?

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। ওয়াশিংটনের বৈরী সামরিক অভিযান ও ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

পাঁচ দিনের মধ্যে তিনবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার শেখ ঈসা বিমানঘাঁটির একটি রাডার স্থাপনাকে লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালায়।

এর কয়েক ঘণ্টা পর ওয়াশিংটন পাল্টা পদক্ষেপ নেয়। তারা পারস্য উপসাগরের প্রবেশমুখের কাছে ইরানের কেশম দ্বীপে আইআরজিসির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়। যুক্তরাষ্ট্র এই হামলাকে ‘আত্মরক্ষামূলক’ বলে বর্ণনা করেছে।

যুদ্ধবিরতির কী হলো?

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হয়। এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় তেহরান। ইরান কার্যত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। অন্যদিকে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে।

এপ্রিলে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরবর্তী আলোচনা স্থায়ী সমঝোতা আনতে ব্যর্থ হয়। জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের মাধ্যমে সাময়িকভাবে জাহাজ চলাচলের বিধিনিষেধ শিথিল করা হয়। পাশাপাশি আরও আলোচনার জন্য ৬০ দিন সময় দেওয়া হয়। তবে চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে সমঝোতাটি ভেস্তে যায়।

জুলাইয়ে ওয়াশিংটন তাদের নৌ অবরোধ আরও জোরদার করে। এরপর ইরানে স্থলপথে সরবরাহের রুটগুলো ব্যাহত করার পরিকল্পনার কথাও জানায় যুক্তরাষ্ট্র। দুই পক্ষের মধ্যে সীমিত পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে।

ইরান কি ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে?

সোমবার সিএনএনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, ইরানের কর্মকর্তারা ওয়াশিংটনে সম্ভাব্য রাসায়নিক বা তেজস্ক্রিয় ‘ডার্টি বোমা’ হামলার বিষয়টি বিবেচনা করেছিলেন। তবে নতুন বা বিশ্বাসযোগ্য কোনো হুমকির বিষয়টি নিশ্চিত করে কোনো কর্মকর্তা প্রকাশ্যে বক্তব্য দেননি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই অভিযোগকে ‘আজগুবি’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন, নতুন করে সংঘাত শুরুর যৌক্তিকতা তৈরি করতে ইসরাইলপন্থি গণমাধ্যমগুলো অস্তিত্বহীন গণবিধ্বংসী অস্ত্র নিয়ে ‘ইরাক যুদ্ধের ধাঁচের প্রচারণা’ চালাচ্ছে।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন ওই প্রতিবেদনকে গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় নজিরবিহীন পরিণতির হুমকিও দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন বাহিনী ‘প্রস্তুত ও সশস্ত্র’ অবস্থায় রয়েছে। ভূগর্ভস্থ পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনাসহ তেহরানের পারমাণবিক কর্মকাণ্ডের কারণে আরও পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কার হাতে?

গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো উত্তেজনার বড় কেন্দ্র। ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই এর নিয়ন্ত্রণের দাবি করছে এবং বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি পরস্পরবিরোধী নির্দেশনা দিচ্ছে।

ওয়াশিংটনের দাবি, তারা জলপথটি থেকে মাইন সরিয়ে ফেলেছে এবং কিছু জাহাজকে নিরাপত্তা দিয়ে চলাচলের সুযোগ দিচ্ছে। তবে ইরানের বন্দর থেকে আসা-যাওয়া করা জাহাজগুলোকে এখনো বাধা দিচ্ছে ও অচল করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানকে ট্রানজিট ফি দেওয়া শিপিং কোম্পানিগুলোর ওপর কঠোর জরিমানাও আরোপ করছে।

ইরান বাণিজ্যিক জাহাজগুলোকে তাদের পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষের কাছে নিবন্ধন, ট্রানজিট ফি পরিশোধ এবং ইরানের জলসীমার কাছাকাছি উত্তর দিকের রুট অনুসরণের নির্দেশ দিয়েছে। আইআরজিসি জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের সমর্থিত রুট ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছে। সংস্থাটির ভাষায়, এসব রুট ‘অনিরাপদ’।

শুধু চলতি মাসেই অজ্ঞাত বস্তুর আঘাতে অন্তত ছয়টি বাণিজ্যিক ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি কর্মকর্তারা এসব ঘটনার জন্য ‘অবাধ্য’ জাহাজগুলোকে দায়ী করেছেন। তাদের দাবি, অনুমতি ছাড়া নিষিদ্ধ জলসীমায় প্রবেশের পর এসব জাহাজ সমুদ্রের মাইনে আঘাত করেছে।

যুদ্ধের আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহণ করা হতো। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, এখন জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের এক-তৃতীয়াংশেরও নিচে নেমে এসেছে।

শান্তিচুক্তির পথে বাধা কোথায়?

সংঘাত অবসানের শর্ত নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে।

ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ছাড় এবং অবরোধ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে গাজা ও দক্ষিণ লেবাননে ইসরাইলের অভিযানসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধেরও দাবি জানিয়েছে দেশটি।

ওয়াশিংটন জোর দিয়ে বলছে, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেহরানের শর্তগুলোকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের এখন আর কোনো চুক্তির প্রয়োজন নেই।

গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে।’

আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে কাতার। ওমানসহ এ অঞ্চলের অন্য মধ্যস্থতাকারীরাও এ প্রচেষ্টায় সমর্থন দিচ্ছেন। সর্বশেষ প্রস্তাবগুলো কোনো অগ্রগতি আনতে না পারলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

যুদ্ধ কি ট্রাম্পের রাজনৈতিক ক্ষতি করেছে?

দীর্ঘস্থায়ী এই সংঘাত ট্রাম্পের জন্য রাজনৈতিক দায় হয়ে উঠেছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে দলটি।

যুদ্ধের বিরোধিতা এবং এর অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ভোটারদের অসন্তুষ্টির পেছনে ভূমিকা রেখেছে বলে বুথফেরত জরিপে উঠে এসেছে।

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স প্রথমে নির্বাচনে দলের বিপর্যয়ের জন্য সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন। তবে পরে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জল্পনা নাকচ করে তিনি বলেন, এই অভিযান অনির্দিষ্টকালের সামরিক প্রতিশ্রুতিতে পরিণত হবে না।

সোমবার ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমরা সেখানে চিরকাল থাকব না।’

ট্রাম্প কি আবার ইরানে হামলা চালাবেন?

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং বিক্ষিপ্ত পাল্টাপাল্টি হামলা সত্ত্বেও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন আরেকটি বড় ধরনের বোমা হামলা অভিযানের পরিবর্তে অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষেই রয়েছে।

রুবিও যুক্তি দিয়েছেন, ক্রমবর্ধমান ‘অর্থনৈতিক দুর্ভোগ’ একপর্যায়ে তেহরানকে ছাড় দিতে বাধ্য করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে বেসামরিক মানুষকে প্রয়োজনীয় সরবরাহ থেকে বঞ্চিত করে ওয়াশিংটন যুদ্ধাপরাধ করছে।

উপসাগরীয় দেশগুলো হোয়াইট হাউসকে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছে, এর জবাবে ইরান আঞ্চলিক জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে পারে।

ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক অ্যালান আইরে রয়টার্সকে বলেন, ইরানের তেল রপ্তানির ওপর দীর্ঘস্থায়ী বিধিনিষেধ একপর্যায়ে তেহরানকে সংঘাত বাড়াতে বাধ্য করতে পারে। এদিকে ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনকে ইরানে সামরিক হামলা পুনরায় শুরুর জন্য চাপ দিচ্ছেন। সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্পের সঙ্গে তার উত্তপ্ত ‘বাকবিতণ্ডা’ হয়েছে বলেও খবর পাওয়া গেছে। সূত্র: আরটি
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি