যুক্তরাষ্ট্রের শুল্কচাপ সামাল দিতে চীনের দিকে ঝুঁকছে কানাডা
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্কনীতির কারণে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে কানাডা। বিশেষ করে মোটরগাড়ি, কৃষি ও উৎপাদনশিল্পের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যিক অংশীদার খুঁজছে দেশটি। এ লক্ষ্যেই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চীনের শেনঝেনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, শুল্ক কমানো, বিনিয়োগ এবং কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা ও সমঝোতা হয়েছে।
সমঝোতা অনুযায়ী, কানাডার শূকরের মাংস, মাছ, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক খাদ্যপণ্যের ওপর শুল্ক কমাতে সম্মত হয়েছে চীন। এর ফলে প্রায় ৪০ কোটি কানাডীয় ডলারের রপ্তানিপণ্য শুল্কছাড়ের সুবিধা পাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে অধিকাংশ পণ্যের বাণিজ্যে শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে বৈদ্যুতিক গাড়ি শিল্প নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কানাডা চীন থেকে বৈদ্যুতিক গাড়ি আমদানির ওপর শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ১ শতাংশ করেছে। প্রাথমিকভাবে বছরে ৪৯ হাজার গাড়ি আমদানির সুযোগ রাখা হয়েছে। এর বিনিময়ে কানাডায় গাড়ি উৎপাদন, কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ আশা করছে অটোয়া।
তবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিদেশি হস্তক্ষেপ, জাতীয় নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে উদ্বেগও রয়েছে কানাডার। দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে চীনের প্রভাব বিস্তারের আশঙ্কা দীর্ঘদিনের। অতীতে নির্বাচনে চীনের কথিত হস্তক্ষেপের অভিযোগে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের পাশাপাশি এসব উদ্বেগের বিষয়েও সতর্ক অবস্থান নিয়েছে কানাডা।
কানাডা সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে চীনে রপ্তানি ৫০ শতাংশ বাড়ানো। এ লক্ষ্য অর্জনে নতুন বিনিয়োগ, কৃষিপণ্য রপ্তানি এবং প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ওপর বাণিজ্যিক নির্ভরতা কমানো এবং অর্থনীতির জন্য নতুন বাজার তৈরি করার কৌশলের অংশ হিসেবেই চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে কানাডা। তবে এ উদ্যোগের সফলতা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং চীনের সঙ্গে জাতীয় নিরাপত্তার ভারসাম্য বজায় রাখার ওপর।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিকের ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড
সঙ্গীত একাডেমি