১৮ নভেম্বর ২০২৬

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিকের ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পিএম
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিকের ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনার দায়ে এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তার নাম আসিফ মার্চেন্ট।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হয়ে তিনি এই হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানায়, ৪৮ বছর বয়সী মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৬ সালের মার্চে একটি ফেডারেল জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেন।

আন্তর্জাতিক সীমানা পেরিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা এবং অর্থের বিনিময়ে হত্যার পরিকল্পনার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ব্রুকলিনের ফেডারেল আদালতে জেলা বিচারক এরিক আর কমিটি তার সাজা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মার্চেন্ট ইরানের আইআরজিসির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ছিলেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানের হয়ে কাজ করা মার্চেন্টকে যথাযথ সাজা দেওয়া হয়েছে।তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা মেনে নেওয়া হবে না। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, মার্চেন্ট নিজেই আইআরজিসিতে যোগ দিয়েছিলেন। পরে তিনি গোয়েন্দা কার্যক্রমের প্রশিক্ষণ নেন। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি কর্মকর্তাদের হত্যার জন্য ভাড়াটে খুনি খোঁজা এবং তাদের অর্থ দেওয়ার দায়িত্ব পান।

মার্চেন্ট বিশ্বাস করতেন, এই পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিলেন ট্রাম্প। তবে সম্ভাব্য লক্ষ্য হিসেবে আরো কয়েকজনের নাম উল্লেখ করেছিলেন তিনি। তাদের মধ্যে ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। সে সময় তারা সবাই প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের আইআরজিসির সাবেক প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। তার মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান উপসহকারী অ্যাটর্নি জেনারেল এম স্কট প্রক্টর বলেন, সোলাইমানির মৃত্যুর প্রতিশোধ নিতে আইআরজিসি মার্চেন্টকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও আইনি পদক্ষেপের কারণে এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। মার্চেন্টের কঠোর সাজা অন্যদের জন্য সতর্কবার্তা। বিদেশি কোনো শক্তির হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে যুক্তরাষ্ট্রে এলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের দিকে আইআরজিসির সঙ্গে যুক্ত হন মার্চেন্ট। ধর্মীয় তীর্থযাত্রার কথা বলে তিনি ইরানে যাতায়াত শুরু করেন। এক আত্মীয়ের মাধ্যমে আইআরজিসির কর্মকর্তা ইউসেফ মেরহারদাদের সঙ্গে তার পরিচয় হয়।

২০২৩ সালের দিকে ইরানের রাজধানী তেহরানে ওই কর্মকর্তার সঙ্গে দেখা করতে শুরু করেন মার্চেন্ট। পরের দেড় বছরে তাদের মধ্যে প্রায় ১৫ বার বৈঠক হয়। এসব বৈঠকে মার্চেন্টকে গোয়েন্দা কার্যক্রম ও পাল্টা গোয়েন্দা তৎপরতার প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয় তাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক সমাবেশে হামলা চালানোর জন্য অপরাধী বা মাফিয়া চক্রের সদস্যদের ভাড়া করতে বলা হয়েছিল তাকে। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মার্চেন্ট স্বীকার করেন, তিনি মনে করতেন, এই পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিলেন ট্রাম্প। ২০২৪ সালের এপ্রিলের দিকে ইরানে এক সপ্তাহ কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফেরেন মার্চেন্ট। এরপর পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেন তিনি। প্রথমে এ কাজে সহায়তা চেয়ে নিজের এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তবে ওই ব্যক্তি বিষয়টি এফবিআইকে জানিয়ে দেন। পরে তিনি এফবিআইয়ের তথ্যদাতা হিসেবে কাজ করেন।

বিচার চলাকালে আদালতে একটি ভিডিও উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, মার্চেন্ট ওই তথ্যদাতার কাছে হত্যার পরিকল্পনার কিছু অংশ তুলে ধরছেন। একটি রাজনৈতিক সমাবেশে কীভাবে একজন রাজনীতিবিদকে হত্যা করা হবে, তার ছকও আকছেন তিনি। এরপর মার্চেন্ট কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তাদের ভাড়াটে খুনি মনে করেছিলেন তিনি। কিন্তু তারা আসলে এফবিআইয়ের ছদ্মবেশী এজেন্ট ছিলেন। ওই এজেন্টদের সঙ্গে তিনবার দেখা করেন মার্চেন্ট। বৈঠকে তিনি জানান, বিদেশে থাকা কয়েকজনের হয়ে কাজ করছেন তিনি। একজন রাজনীতিবিদকে হত্যার জন্য তাদের ভাড়া করতে চান। পরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক খরচ হিসেবে তাদের ৫ হাজার ডলার দেন মার্চেন্ট। বিদেশে থাকা তার আত্মীয়দের সহায়তায় এই অর্থ সংগ্রহ করা হয়েছিল। ২০২৬ সালের ১২ জুলাই টেক্সাসের রিচমন্ড শহরে মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার জন্য বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে তাকে আটক করা হয়।

তদন্তকারীরা মার্চেন্টের ল্যাপটপ, মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করেন। এসব তথ্য থেকে দেখা যায়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং ট্রাম্পের ওপর তার বিশেষ নজর ছিল। আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণের মধ্যে ছিল নির্বাচনী প্রচার সমাবেশ নিয়ে ইন্টারনেটে তার বিভিন্ন অনুসন্ধান। নিউ জার্সিতে ট্রাম্পের একটি সমাবেশ কোথায় হবে, তা জানতে গুগল ম্যাপেও অনুসন্ধান করেছিলেন তিনি। মার্চেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে কাসেম সোলাইমানির প্রশংসা করে বিভিন্ন পোস্ট পাওয়া যায়। একই সঙ্গে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে দেওয়া পোস্টও ছিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলার অ্যাটর্নি জোসেফ নোসেলা জুনিয়র বলেন, এই সাজার ফলে মার্চেন্ট আর কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করতে পারবেন না।

তিনি আরো বলেন, ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর উচিত এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার উদাহরণ হিসেবে দেখা। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, নির্বাচিত প্রতিনিধি কিংবা জনগণের ওপর হামলার পরিকল্পনা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এফবিআইয়ের নিউইয়র্ক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক জেমস সি বার্নাকল জুনিয়র বলেন, মার্চেন্টের এই সাজা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এফবিআইয়ের প্রচেষ্টার সাফল্য।

তিনি বলেন, ইরান সরকারের একজন সমালোচককে হত্যার পরিকল্পনা করে মার্চেন্ট যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছিলেন। এই সাজা প্রমাণ করে, সহিংসতা বা ভয় দেখিয়ে ভিন্নমত দমন করতে চাইলেও কাউকে ছাড় দেওয়া হবে না। মামলাটির বিচারকাজ পরিচালনা করেন নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলার সহকারী মার্কিন অ্যাটর্নি সারা কে উইনিক, নিনা সি গুপ্তা ও গিলবার্ট এম রেইন। তাদের সহায়তা করেন বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের সন্ত্রাসবাদবিরোধী শাখার কর্মীরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি