১৮ নভেম্বর ২০২৬

কারাগার থেকে ইমরান খানের চিঠি, ‘জীবিত ফিরতে নাও পারি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম
কারাগার থেকে ইমরান খানের চিঠি, ‘জীবিত ফিরতে নাও পারি’

বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জরুরি চিকিৎসা না পেলে কারাগারেই তার মৃত্যু হতে পারে। এমনকি দীর্ঘদিনের বন্দিজীবন শেষে তিনি ‘জীবিত ফিরতে না-ও পারেন’ বলেও সতর্ক করেছেন।

নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিশ্চিত করতে দেশটির শীর্ষ বিচারপতিদের কাছে তিনি এই আবেদন জানিয়েছেন।

কারাগার থেকে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে লেখা এক চিঠিতে ইমরান খান জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন তিনি। অন্যদিকে প্রয়োজনীয় অস্ত্রোপচার না হলে তার স্ত্রী স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন।

৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া এই সাবেক ক্রিকেটার অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর আইনজীবী সালমান সাফদার চিঠিটিকে মানবিক বিবেচনায় চিকিৎসার আবেদন হিসেবে বর্ণনা করেছেন।

চিঠিতে ইমরান খান জানান, ২০২৫ সালের ২০ ডিসেম্বর তাকে ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাবাসে রাখা হচ্ছে। এ সময়ে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি।

তার ভাষায়, দীর্ঘদিনের এই নির্জন কারাবাস নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি, যা তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

ইমরান খানের দাবি, তার ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে। রক্তচাপও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যার প্রভাব পড়েছে হৃদ্‌যন্ত্রে। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার উচ্চ ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

এদিকে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে স্বাধীন স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে চিঠিতে অভিযোগ করেছেন তিনি। পরিবর্তে তাঁকে অল্প সময়ের জন্য একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে কারাগারে ফেরার উপযুক্ত বলে জানান।

স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায় এবং গোপনে জটিল অস্ত্রোপচার করা হয়। আরেকটি অস্ত্রোপচার না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। এদিকে বুশরাকে বিশেষায়িত হাসপাতালে নেওয়ার আবেদন করেছেন তার আইনজীবীরা।

ইমরানের ছেলে সুলাইমান ও কাসিম খান গত সেপ্টেম্বরে অভিযোগ করেছিলেন, বাবাকে প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে নির্জন কারাবাসে রাখার মাধ্যমে তাঁকে হত্যার চেষ্টা করছে পাকিস্তান সরকার। তাঁদের আশঙ্কা, রুশ বিরোধী নেতা আলেক্সেই নাভালনির মতো পরিণতি হতে পারে ইমরানের।

ইমরানের বোন উজমা খান কারাগারে তাঁর সঙ্গে দেখা করে চোখের দৃষ্টিশক্তি হারানোর বিষয়টি সামনে আনেন। এদিকে তাঁর আরেক বোন আলিমা খান এখনো কারাগারে রয়েছেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা সাঈদ জুলফি বুখারি বলেন, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যই ইমরান খোলা চিঠি লিখেছেন। তাঁর ভাষায়, ইমরান কোনো সুবিধা বা সমঝোতা চান না; তিনি চান ন্যায়বিচার এবং মানবিক চিকিৎসা।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি