আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মেসির মামলা করার সিদ্ধান্ত
বাংলাপ্রেস ডেস্ক: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম এ২৪-এর অনুষ্ঠান ‘ওয়াইফাই’-তে এমনটাই জানিয়েছেন সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কি।
শুধু সম্পর্ক ছিন্ন করেই থামতে চান না মেসি। বাণিজ্যিক প্রচারণায় এএফএ যেন তার নাম ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করতে না পারে, সে জন্য আইনজীবীদের মাধ্যমে আইনি নোটিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। উইনিয়াস্কির দাবি, মেসি তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন, তার ছবি ব্যবহার করে এমন কোনো ব্যবসায়িক কার্যক্রম যেন এএফএ না চালায়, যার মাধ্যমে আর্জেন্টাইন ফুটবল কোনো উপকার পায় না।
মেসি ও এএফএর মধ্যকার বিরোধের সূত্রপাত একটি বিয়ার স্পন্সরকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিশেলবের সঙ্গে মেসির একচেটিয়া বিজ্ঞাপনী চুক্তি রয়েছে। কিন্তু এএফএর স্থানীয় এক বিয়ার স্পন্সর নিজেদের প্রচারণায় মেসির ছবি ব্যবহার করে। সাংবাদিক উইনিয়াস্কির দাবি, এএফএ সভাপতি তাপিয়ার অনুমোদনেই এমনটি করা হয়েছিল।
বিষয়টি আগে থেকে মেসির জানা ছিল না বলে জানিয়েছেন উইনিয়াস্কি। পরে মিশেলবের পক্ষ থেকে মেসির প্রতিনিধিদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় মেসি ও তার পরিবারকে।
উইনিয়াস্কির ভাষ্য অনুযায়ী, এই ঘটনার পরই তাপিয়া ও তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন মেসি।
এএফএর ওপর মেসির অসন্তোষের আরেকটি কারণ জাতীয় দলের হয়ে তার বিদায়ী ম্যাচের আয়োজন। গত অক্টোবরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। তবে ম্যাচের আগে আয়োজিত অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট ছিলেন না মেসি বলে দাবি করেছেন উইনিয়াস্কি। বিশেষ করে শব্দ ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। পাশাপাশি ড্রোন প্রদর্শনীতে মেসিকে ডান পায়ে বল মারতে দেখা যায়, যদিও তিনি বাঁ পায়ের খেলোয়াড়।
ম্যাচের আগে স্পন্সর প্রতিষ্ঠানের ড্রোন প্রদর্শনী চলাকালে দর্শকদের দুয়োধ্বনিও শোনা যায়। পুরো আয়োজনের সমালোচনা করে উইনিয়াস্কি বলেন, ‘আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা, সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে পরিচিত ব্যক্তি, জাতীয় দলকে বিদায় জানিয়েছেন অত্যন্ত বাজেভাবে আয়োজিত একটি ম্যাচে।’
এএফএর সঙ্গে মেসির দূরত্বের পেছনে আরও একটি আইনি জটিলতা রয়েছে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনের চুক্তি নিয়ে তৈরি হয়েছে বিরোধ। উইনিয়াস্কির তথ্য অনুযায়ী, ভিআইডি মিউজিক গ্রুপ এলএলসি নামের একটি প্রতিষ্ঠান এএফএ, মেসি ও হুলিয়ান মার্কোস কাপেলানের বিরুদ্ধে অভিযোগ করেছে। চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিটি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল। সেই শর্ত লঙ্ঘনের অভিযোগে করা আইনি আবেদনে মেসির নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে এএফএর আন্তর্জাতিক আয় এবং সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতেই মেসির সঙ্গে সংস্থাটির সম্পর্কের অবনতির খবর সামনে এলো।
উইনিয়াস্কির প্রতিবেদনে বলা হয়েছে, বিলাসবহুল ইয়ট ভাড়া ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানে এএফএর অর্থ স্থানান্তর করা হয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনের প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে অন্তত ১২ লাখ ৭০ হাজার ডলার পাঠানো হয়েছে। এএফএর আন্তর্জাতিক আয় ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ট্যুরপ্রোডএন্টার এলএলসির মাধ্যমে অধিকাংশ অর্থ লেনদেন হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
লেনদেনের তালিকায় রয়েছে ওয়েস্ট নটিক্যাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানও। সেখানে দুই দফায় মোট ৩ লাখ ২১ হাজার ৬৯৩ ডলার পাঠানোর তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি ‘ওয়াইল্ডক্রেস্ট’ নামের একটি ইয়ট ভাড়ার ব্যবসার সঙ্গে যুক্ত। ২০২৪ সালের জুলাইয়ে মোনাকোর উপকূলে ওই ইয়টে তাপিয়াকে দেখা গিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগ ও মেসির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি মেসি কিংবা এএফএ সভাপতি তাপিয়া। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে মনে করছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি