১৮ নভেম্বর ২০২৬

কোচের যে টোটকায় সাফের শিরোপা জিতল ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
কোচের যে টোটকায় সাফের শিরোপা জিতল ভারত

বাংলাপ্রেস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জিতেছে ভারত। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার পর দলের সাফল্যের পেছনের মূল রহস্য বা জাদুকরি টোটকার কথা সামনে এনেছেন ভারতীয় দলের কোচ নওশাদ মুসা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে কোচ নওশাদ মুসা জানান, দল গঠন করতে গিয়ে তাকে বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। ভারতে তখনকার নানা পরিস্থিতির কারণে প্রথম ম্যাচের জন্য সেরা ১৮ জন খেলোয়াড় নির্বাচন করাটাই তার জন্য বেশ কষ্টসাধ্য ছিল। ফলে বাধ্য হয়েই তরুণদের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নেন তিনি।

মুসার ভাষায়, ‘ভারতে যেভাবে সবকিছু ঘটছিল, তাতে খেলোয়াড় বাছাই করা আমার জন্য একটু কঠিন ছিল। প্রথম ম্যাচের জন্য ১৮ জন খেলোয়াড় পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছিল। তাই তরুণদের ওপর বিশ্বাস রাখতে হয়েছিল। ছেলেদের ওপর আস্থা রাখা এবং তাদের এখানে নিয়ে আসাটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

তরুণ খেলোয়াড়দের মনে আত্মবিশ্বাস জোগাতে কী মূলমন্ত্র ছিল? এমন প্রশ্নে মুসা বলেন, ‘আমরা যখন ভারত থেকে রওনা দিই, আমি শুধু খেলোয়াড়দের একটি কথাই বলেছিলাম—নিজেদের ওপর বিশ্বাস রাখো, তাহলে কোনও কিছুই তোমাদের থামাতে পারবে না। জাতীয় দলের কোচ হিসেবে এটি আমার প্রথম ট্রফি। তাই বুঝতেই পারছেন, এটি আমার জন্য সত্যিই বিশেষ কিছু।’

এই তরুণ দলটির সাফল্যের সবচেয়ে বড় উদাহরণ ছিলেন ফরোয়ার্ড সুহাইল ভাট। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) চলতি মৌসুমে নিয়মিত খেলার সুযোগ না পেলেও সাফে দুর্দান্ত পারফর্ম করে চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ভারতের গুরুত্বপূর্ণ সমতাসূচক গোলটিও আসে তারই পা থেকে।

সুহাইলের এই ঘুরে দাঁড়ানোর পেছনেও কাজ করেছে কোচের সেই মানসিক টোটকা। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন পর পুরো ৯০ মিনিট খেলার চ্যালেঞ্জ নিতে হয়েছিল এই তরুণকে। প্রথম ম্যাচে ৫০-৫৫ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু হাল না ছাড়ার বার্তা দিয়েছিলেন কোচ।

মুসা বলেন, ‘তিন বছরের মধ্যে এই প্রথম সে ৯০ মিনিট খেলেছে। প্রথম ম্যাচের দিকে তাকালে দেখবেন, ৫০-৫৫ মিনিটের মাথায় সে মাঠ ছাড়তে চেয়েছিল। বলেছিল, সে আর পারবে না। আমি তাকে শুধু বলেছিলাম, হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও। আজ তাকে দেখুন, তিন ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছে।’

তরুণদের প্রতি নিজের বিশ্বাসের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন ভারতীয় কোচ। তার মতে, খেলোয়াড়দের সামর্থ্যের ওপর আস্থা রাখাই সাফল্যের অন্যতম চাবিকাঠি। দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে ড্রেসিংরুমেও একই বার্তা দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত কোচের সেই বিশ্বাসের প্রতিদান দিয়েছে তরুণ ভারতীয় দল—জিতেছে সাফের দশম শিরোপা।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি