৫ জুলাই ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কাবরাল, আলোচনায় তার প্রেমিকা জেইলি দা ক্রুজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:২১ এএম
আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কাবরাল, আলোচনায় তার প্রেমিকা জেইলি দা ক্রুজ

ছবি: সংগৃহীত।

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অন্যতম সেরা গোলটি করেছেন কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কাবরাল। তবে গোলের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার ব্যতিক্রমী উদযাপন, যা ইতোমধ্যেই টুর্নামেন্টের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি। উদযাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক ভাইরাল হয়েছে।

রাউন্ড অব ৩২-এ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে আটকে রাখে টুর্নামেন্টের অন্যতম বড় চমক উপহার দিয়েছে কেপ ভার্দে। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

আর এই অতিরিক্ত সময়ে ২-২ সমতা ফেরানোর পর উচ্ছ্বাসে আত্মহারা হয়ে কাবরাল সরাসরি গ্যালারিতে ছুটে যান তার প্রেমিকা জেইলি দা ক্রুজকে খুঁজতে। কিন্তু তিনি তখন সেখানে ছিলেন না। নিরাপত্তাকর্মী, পুলিশ, ম্যাচ কর্মকর্তা, এমনকি রেফারিও তাকে মাঠে ফিরতে অনুরোধ করছিলেন। আর্জেন্টিনার খেলোয়াড়েরাও বিস্মিত হয়ে দেখছিলেন পুরো ঘটনাটি, কারণ এত দীর্ঘ সময় উদযাপন করার পরও কাবরাল কোনো কার্ড দেখেননি।

প্রায় দুই মিনিট ধরে চলা এই নাটকীয় উদযাপনের পর অবশেষে জেইলি দা ক্রুজ সেখানে পৌঁছান। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। বিশ্বকাপের মঞ্চে এই আবেগঘন দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে কাবরালের সেই গোল শেষ পর্যন্ত কেপ ভার্দেকে জয় এনে দিতে পারেনি। ম্যাচের ফল তাদের পক্ষে না গেলেও নিজের গোল ও ব্যতিক্রমী উদযাপনের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন।

ম্যাচ শেষে জেইলি দা ক্রুজ নিজের সামাজিক মাধ্যমে কাবরালের গোলের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমি জীবনে কখনও এতটা গর্ব অনুভব করিনি।’

জেইলি দা ক্রুজ পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি যোগাযোগ ও মানবসম্পদ (Communication and Human Resources) বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং কাবরালের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এই ঘটনার পর দুজনেরই সামাজিক মাধ্যমে অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জেলির অনুসারী বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০০ জনে, আর কাবরালের অনুসারী সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৬২ হাজারে।

ম্যাচ শেষে কাবরাল বলেন, ‘আমি তখন কী করছিলাম, নিজেই জানতাম না। এমন একটি টুর্নামেন্টে এমন গোল করব, কখনও কল্পনাও করিনি। আমরা আরও ভালো ফল পাওয়ার যোগ্য ছিলাম। দুঃখজনকভাবে সেটা হয়নি। তবে আমরা চার বছর পর আবার ফিরে আসব।’

উল্লেখ্য, কেপ ভার্দের হয়ে খেললেও সিডনি লোপেস জন্মগ্রহণ করেন নেদারল্যান্ডসে। গোলের পাশাপাশি প্রেমিকাকে খুঁজে গ্যালারিতে ছুটে যাওয়ার এই ব্যতিক্রমী উদযাপনের কারণে সামাজিক মাধ্যমে কাবরালকে অনেকেই ‘দ্য লাস্ট রোমান্টিক’ নামে আখ্যায়িত করছেন। সূত্র: মার্কা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি