আর্জেন্টিনার মাটিতেই হবে মেসির বিদায় অনুষ্ঠান
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। রোববার রাতের এই বেদনাদায়ক হারের পর গুঞ্জন ছড়িয়েছিল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন লিওনেল মেসি। তবে বেইন স্পোর্টসের প্রতিবেদন বলছে, আলবিসেলেস্তে অধিনায়কের বিদায়ের সেই মুহূর্তটি এখনও আসেনি।
আপাতত সিদ্ধান্ত হয়েছে—আগামী আরও কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি। এরপর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
আর্জেন্টিনার স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে বিদায় দিতে আর্জেন্টিনায় বিশেষ একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারকে সরাসরি মাঠে বসে বিদায় জানানোর সুযোগ পাবেন সমর্থকরা।
আগেভাগেই সেই ম্যাচের ঘোষণা দেওয়া হবে, যেন হাজার হাজার সমর্থক উপস্থিত থেকে তাদের প্রিয় অধিনায়ককে রাজকীয় ও স্মরণীয় বিদায় জানাতে পারেন। দীর্ঘ প্রায় দুই দশক আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামা মেসির এই বিদায়ি ম্যাচটি দেশটির ফুটবল ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।
২০২৬ বিশ্বকাপের ফাইনালের ফলাফল যাই হোক না কেন, আর্জেন্টিনার ফুটবলে মেসির অবদান অবিস্মরণীয়। এ মহাতারকার হাত ধরেই ২০২২ বিশ্বকাপ জিতে ৩৬ বছরের ট্রফিখরা ঘুচায় আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন মেসি। ৩৯ বছর বয়সেও ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মূল ভূমিকায় ছিলেন এলএমটেন।
মেসির অসাধারণ নৈপুন্যে ২০২৬ ফিফা বিশ্বকাপ দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে আর্জেন্টিনা। উত্তর আমেরিকা বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করেন মেসি।
আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১২৫ টি), সবচেয়ে বেশি অ্যাসিস্টকারী (৬৫টি) এবং সবচেয়ে বেশি ম্যাচ (২০৭) খেলার রেকর্ড গড়েছেন মেসি। তার এ রেকর্ডগুলো নিকট ভবিষ্যতে ভাঙা প্রায় অসম্ভব।
মেসির শেষ ম্যাচের কোনো আনুষ্ঠানিক তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য লিওনেল স্কালোনির স্কোয়াডে মেসিকে নিয়মিতই ডাকা হবে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চায় জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচটির জন্য নিখুঁত একটি মঞ্চ তৈরি করতে। কোনো হঠাৎ প্রস্থান নয়, বরং পুরো দেশের মানুষকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর সুযোগ দিতেই এ বিশেষ পরিকল্পনা।
তাই বিদায়ের সুর বাজলেও এখনই থামছেন না মেসি। এ মহাতারকার বিদায় কেবল কোনো সংবাদ সম্মেলন বা সোশ্যাল মিডিয়া বার্তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আলবিসেলেস্তেদের ইতিহাস বদলে দেওয়া এ মহামানবের বিদায়টি হতে যাচ্ছে পুরো আর্জেন্টিনার এক জাতীয় উৎসব। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
তিন বিশ্বকাপ ফাইনাল, এক অবিশ্বাস্য পরিসংখ্যান—অন টার্গেটে শটই নেই আর্জেন্টিনার!
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি