১৯ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে আসতে পারে পরিবর্তন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পিএম
আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে আসতে পারে পরিবর্তন

বাংলাপ্রেস ডেস্ক: পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত অনুষ্ঠেয় এই ম্যাচগুলোর একটির ভেন্যু পরিবর্তনের কথা ভাবছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সূচি অনুযায়ী বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচটি বুয়েনস আইরেসের এল মনুমেন্টালে হওয়ার কথা থাকলেও সেটি অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে। সম্ভাব্য নতুন ভেন্যু হিসেবে উঠে এসেছে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটির ভেন্যু পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে এএফএ। শেষ মুহূর্তে কোনো জটিলতা তৈরি না হলে আগামী ৩ অক্টোবর লা বোম্বোনেরাতেই খেলতে পারে লিওনেল স্কালোনির দল।

লা বোম্বোনেরা অবশ্য আর্জেন্টিনার জন্য অপরিচিত কোনো মাঠ নয়। চলতি বছরের মার্চে এই ভেন্যুতেই দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। সেবার মৌরিতানিয়াকে ২-১ এবং জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এবারের ফিফা উইন্ডো। এই সময়ে মোট তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের আন্তর্জাতিক পর্ব।

এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটি সম্ভাব্যভাবে অনুষ্ঠিত হবে লা বোম্বোনেরায়। ৬ অক্টোবর এল মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার এবারের আন্তর্জাতিক সূচি।

বেনিনের বিপক্ষে ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। জাতীয় দলের হয়ে এটিই লিওনেল মেসির বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে। বুয়েনস আইরেসের প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এল মনুমেন্টালে ঘরের মাঠের সমর্থকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানানোর আয়োজন করেছে এএফএ।

তবে বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে দর্শক উপস্থিতির ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। বিশ্বকাপ চলাকালে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার জেরে ফিফার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আর্জেন্টিনা। এর ফলে পরবর্তী দুটি ম্যাচের একটিতে স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক প্রবেশের সুযোগ পাবেন। অন্য ম্যাচের নিষেধাজ্ঞাটি পরবর্তী সময়ে কার্যকর করা হবে।

নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের ওপরও। লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনা সাত ম্যাচ, রবার্তো আয়ালা তিন ম্যাচ এবং থিয়াগো আলমাদা এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। ফিফা এই ম্যাচগুলোকে ‘এ’ ক্যাটাগরির প্রীতি ম্যাচ হিসেবে গণ্য করবে। ফলে শাস্তিপ্রাপ্তরা আসন্ন এসব প্রীতি ম্যাচ থেকেই নিজেদের নিষেধাজ্ঞার ম্যাচ গণনা শুরু করতে পারবেন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি