বার্সেলোনায় যোগ দিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ
বাংলাপ্রেস ডেস্ক: ক্রোয়েশিয়ার অভিজ্ঞ গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচকে দলে ভিড়িয়ে গোলবার শক্তিশালী করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তুরস্কের ফেনারবাচে অধ্যায় শেষ করে চার বছরের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সি এই গোলরক্ষক।
স্প্যানিশ ও ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিভাকোভিচকে দলে নিতে বার্সেলোনার প্রাথমিক খরচ হচ্ছে ২০ লাখ ইউরো। চুক্তিতে থাকা বিভিন্ন শর্ত ও পারফরম্যান্সভিত্তিক বোনাস পূরণ হলে আরও ২০ লাখ ইউরো যোগ হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে দলবদলের ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৪০ লাখ ইউরো।
বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ফেনারবাচের সঙ্গে লিভাকোভিচকে নিয়ে তাদের চূড়ান্ত সমঝোতা হয়েছে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চার মৌসুমের জন্য ক্রোয়েশিয়ান গোলরক্ষককে চুক্তিবদ্ধ করা হয়েছে।
লিভাকোভিচকে নিয়ে বার্সার ক্রীড়া পরিচালক ডেকোর পরিকল্পনা শুরুতে ছিল ভিন্ন। তাকে দলে নিয়ে ২০২৬-২৭ মৌসুমে অন্য কোনো ক্লাবে ধারে পাঠানোর চিন্তা ছিল। এরপর পোলিশ গোলরক্ষক ভয়চেক শেজনির চুক্তি শেষ হলে লিভাকোভিচকে মূল দলের পরিকল্পনায় আনার কথা ভাবা হয়েছিল।
তবে গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে লিভাকোভিচের দুর্দান্ত পারফরম্যান্স বার্সেলোনার পরিকল্পনায় পরিবর্তন আনে। অন্য কোনো ইউরোপীয় ক্লাব তাকে দলে নেওয়ার আগেই দ্রুত চুক্তি সম্পন্ন করার উদ্যোগ নেয় কাতালানরা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সইও করেছেন তিনি।
বার্সেলোনায় যোগ দিলেও আপাতত কোচ হ্যান্সি ফ্লিকের প্রথম পছন্দের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। গোলবারের নিচে তরুণ হোয়ান গার্সিয়া বর্তমানে দলের প্রথম পছন্দ হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন। ফলে শুরুতে লিভাকোভিচকে মূলত ব্যাকআপ গোলরক্ষকের ভূমিকাতেই থাকতে হতে পারে।
অন্যদিকে, লিভাকোভিচের আগমনে সবচেয়ে বেশি চাপে পড়েছেন ৩৬ বছর বয়সি শেজনি। চুক্তির শেষ বছরে থাকা এই অভিজ্ঞ গোলরক্ষক নতুন মৌসুমে বার্সেলোনার তৃতীয় পছন্দের গোলরক্ষক হয়ে যেতে পারেন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি