বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: ওবায়দুল কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি রয়েছে তার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখাই শহিদ বুদ্ধিজীবী দিবসের শপথ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা বেছে বেছে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা মনে করি, একাত্তরের যে অপশক্তি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলার মাটিতে ডালপালা বিস্তার করে আছে। এরাই আমাদের স্বাধীনতার শত্রু, এরাই আমাদের বিজয়ের শত্রু, এরাই আমাদের বিজয়কে সংহত করার পথে প্রধান অন্তরায়।
তিনি আরো বলেন, কাজেই আজকে আমাদের অঙ্গীকার, আমাদের শপথ— বাংলাদেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে হলে বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি স্বাধীনতার প্রতি হুমকি প্রদর্শন করে যাচ্ছে, আমাদের সাম্প্রদায়িকতার পথে নিয়ে যাওয়ার, পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে; সেই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই অব্যাহত রাখব।
ওবায়দুল কাদের বলেন, আমাদেরকে আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আত্মশক্তিতে বলীয়ান হতে হবে। আত্মশক্তিতে বলীয়ান একটি জাতির পরাজয় হতে পারে না। এ জাতি একদিন বিজয়ী হবেই, এটাই আমাদের বিশ্বাস।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি