বড় কোনো ইনজুরি নয়, দ্রুতই ফিরতে পারেন মেসি
লিওনেল মেসি।
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে লিওনেল মেসির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলেও সর্বশেষ মেডিকেল পরীক্ষায় স্বস্তিদায়ক খবর পাওয়া গেছে। ক্লাবের হয়ে শেষ ম্যাচে মাঠ ছাড়তে হওয়ায় তাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল, বিশেষ করে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পরিকল্পনায় তার উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল।
ইন্টার মিয়ামি জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় মেসির গুরুতর কোনো চোট ধরা পড়েনি। তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে সামান্য পেশির টান তৈরি হয়েছে। তবে মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে এখনো নির্দিষ্ট কিছু জানানো হয়নি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ৭৩ মিনিটের সময় মেসি বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন। পরে তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান, যা সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দেয়।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত মেডিকেল পরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে যে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তি ও অতিরিক্ত চাপের প্রভাব রয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতির ওপর ভিত্তি করে মাঠে ফেরার সময় নির্ধারণ করবেন।
এদিকে ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মেসি শুধু সাময়িক অস্বস্তিতে ভুগছেন, পরীক্ষায় কোনো গুরুতর চোটের বিষয় নিশ্চিত হয়নি।
আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। এর পাঁচ দিন পর আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। এর আগে দলটি আগামী সপ্তাহে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে পারে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন