অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে আইসিসির মাস সেরা ইয়ানসেন
বাংলাপ্রেস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে বল ও ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। পাকিস্তানের আরাফাত মিনহাস ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে পেছনে ফেলে আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ২৬ বছর বয়সী এই পেস অলরাউন্ডার।
শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মাসসেরা এই ক্রিকেটারের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। অন্যদিকে, জিম্বাবুয়ে সিরিজে ব্যাট-বলে আলো ছড়িয়ে নারীদের বিভাগে সেরা হয়েছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার দীপ্তি শার্মা। তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২-১ ব্যবধানের টেস্ট সিরিজ জয়ে মূল ভূমিকা পালন করেছিলেন ইয়ানসেন। তিন ম্যাচের ওই সিরিজে এক ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ১৩টি শিকার ধরার পাশাপাশি ব্যাট হাতে দুটি ফিফটিতে ১৯৮ রান করেছিলেন। এই পারফরম্যান্সের সুবাদে তিনি সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন।
ব্যাটে-বলে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়েও ছাপ রাখেন ইয়ানসেন, ২০২৪ সালে কাগিসো রাবাদার পর দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি। একই সঙ্গে এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায়ও চূড়ায় জায়গা করে নেন। পরে যদিও বোলারদের শীর্ষস্থান তাকে হারাতে হয় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের কাছে।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় ইয়ানসেন বলেন, “আইসিসি মেন’স প্লেয়ার অব দা মান্থ পুরস্কার জয় আমার জন্য অনেক বড় সম্মানের, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের পর। আমার ক্যারিয়ারের স্মরণীয় সিরিজগুলোর একটি ছিল এটি এবং দলের সাফল্যে অবদান রাখতে পারা বিষয়টিকে আরও স্পেশাল করে তুলেছে। এই স্বীকৃতি পাওয়াটা আমার জন্য খুবই গর্বের।
“ব্যক্তিগত স্বীকৃতি সবসময়ই আনন্দের, তবে ক্রিকেট দলীয় খেলা। এই অর্জন আমার সতীর্থদের সমর্থন এবং আমাদের সাপোর্ট স্টাফদের কঠোর পরিশ্রমেরই প্রতিফলন, যারা পুরো সময় আমাদের পাশে ছিলেন। আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এখন আমাদের লক্ষ্য এই ধারাবাহিকতা ধরে রাখা, যাতে আগামী বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর পথে আমরা এগিয়ে যেতে পারি।”
বর্তমানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা আগামী রোববার জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে।
এদিকে, গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়ে এক ম্যাচেই দুর্দান্ত অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন দীপ্তি। পাশাপাশি বল হাতে অফ স্পিনে ওভারপ্রতি মাত্র ৩.৪২ রান খরচ করে শিকার করেন ৫ উইকেট। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ৩৭ বলে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলার পাশাপাশি নেন দুটি উইকেট।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি