৭ আগস্ট ২০২৬

দুই বছরের নিষেধাজ্ঞায় পাকিস্তানের অলরাউন্ডার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০১:৫৪ পিএম
দুই বছরের নিষেধাজ্ঞায় পাকিস্তানের অলরাউন্ডার

বাংলাপ্রেস ডেস্ক:  ভিসা আবেদন প্রক্রিয়ায় বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড তাকে সব ধরনের স্বীকৃত ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। একই সঙ্গে এক মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে পিসিবি জানায়, বিদেশ সফরের জন্য বোর্ডের মাধ্যমে করা হামজা নাজারের ভিসা আবেদন তদন্ত করে দেখা গেছে, তিনি আবেদনপত্রে পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য দেননি। তদন্তে আরও উঠে এসেছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার পাশাপাশি তিনি বিভ্রান্তিকর তথ্যও জমা দিয়েছিলেন।

ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পিসিবি। তদন্ত চলাকালে হামজাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়। তার বক্তব্য, জমা দেওয়া নথিপত্র এবং অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে কমিটি একটি প্রতিবেদন তৈরি করে, যার সুপারিশের ভিত্তিতেই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই বছর হামজা নাজার ঘরোয়া বা আন্তর্জাতিক—কোনো স্বীকৃত ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এছাড়া তাকে এক মিলিয়ন পাকিস্তানি রুপি অর্থদণ্ডও পরিশোধ করতে হবে।

পিসিবি জানিয়েছে, ভিসা আবেদনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে ভুল বা গোপন তথ্য প্রদানকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। বোর্ডের মতে, এমন আচরণ একজন পেশাদার ক্রিকেটারের কাছ থেকে প্রত্যাশিত সততা, দায়িত্বশীলতা ও নৈতিক মানদণ্ডের পরিপন্থী।

একই সঙ্গে বোর্ড স্পষ্ট করেছে, পাকিস্তান ক্রিকেটের সুনাম ও সমর্থকদের আস্থা বজায় রাখা তাদের অন্যতম অগ্রাধিকার। তাই কোনো খেলোয়াড়ের অনিয়ম বা অসদাচরণ দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা পিছপা হবে না।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে সম্প্রতি আলোচনায় এসেছিলেন হামজা নাজার। তার পারফরম্যান্সের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তানের টেস্ট দলে ডাক পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে সেই সুযোগ হাতছাড়া হয়। পরে তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় সম্ভাবনাময় এই অলরাউন্ডারকে দুই বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি