ফুটবল মাঠ থেকে ওটিটিতে জামাল ভূঁইয়া! বিশ্বকাপ ঘিরে আসছে ‘ব্রাজেন্টিনা’
জামাল ভূঁইয়া, তাসনুভা তিশা, লামিমা লাম
বাংলাপ্রেস ডেস্ক: ফুটবল মাঠে নেতৃত্ব দিয়ে কোটি ভক্তের হৃদয় জয় করার পর এবার অভিনয়ের জগতে পা রাখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দেশের এই জনপ্রিয় ফুটবলার।
সোমবার (১৫ জুন) ঢাকার কলাবাগানের একটি মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজ পরিচালনা করছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান। এর আগে তিনি ফুটবল ও ক্রিকেটভিত্তিক একাধিক নাটক ও বিশেষ প্রযোজনা নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন।
‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। শুটিং সেট থেকে প্রকাশিত কিছু ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
সিরিজটিতে আরও অভিনয় করছেন ছোট পর্দার পরিচিত মুখ লামিমা লাম। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদকে।
প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জামাল ভূঁইয়া বলেন, বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটক বা সিরিজে অভিনয় এবারই প্রথম। পুরো বিষয়টি তার কাছে বেশ নতুন এবং রোমাঞ্চকর মনে হচ্ছে। একই সঙ্গে ক্যামেরার সামনে অভিনয় করা যে মোটেও সহজ নয়, সেটিও উপলব্ধি করেছেন বলে জানান তিনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ব্রাজেন্টিনা’ মোট আট পর্বে নির্মিত হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজটির প্রচার শুরু হবে।
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার সময় একজন জাতীয় দলের অধিনায়ককে কেন্দ্র করে নির্মিত এই সিরিজ দর্শকদের মধ্যে নতুন মাত্রার আগ্রহ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি