হালান্ডের বিতর্কিত গোল, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা
বাংলাপ্রেস ডেস্ক: ভুলের খেসারত দিতে হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের। ম্যানচেস্টার ডার্বির চরম ভুলের শাস্তি পেয়েছেন দুই ভিএআর রেফারি।
এ সপ্তাহের প্রিমিয়ার লিগের ম্যাচ থেকে ম্যাট ডনোহু ও তার সহকারী ব্লেক আনট্রোবাসকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রিমিয়ার লিগের রেফারিং বডি প্রো রেফের প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও তার নির্বাহী দল।
ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ৬০ মিনিটে জয়সূচক গোলটি করেন হালান্ড।
শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করেছিলেন সহকারী রেফারি।

পরে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, হালান্ড অফসাইডে ছিলেন না। ইউনাইটেডের প্যাট্রিক দোরগুর অবস্থানের কারণে তাকে অনসাইডে পাওয়া যায়। এরপর গোলটি বহাল রাখার সুপারিশ করে ভিএআর।
তবে গোলের আগে আরেকটি ঘটনায় তৈরি হয় বিতর্ক। সিটির এনজো ফার্নান্দেজ অফসাইড অবস্থানে ছিলেন এবং বলের দিকে এগিয়ে গিয়ে সেটিতে মাথা লাগানোর চেষ্টা করেন। তিনি শেষ পর্যন্ত বলে স্পর্শ করেননি। তাই এনজোর অবস্থান গোলের ক্ষেত্রে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে কি না, সেটি ভিএআরের কাছে ‘বিষয়ভিত্তিক’ হয়ে ওঠে।
প্রো রেফ জানিয়েছে, ভিএআর এনজোর অবস্থানের সম্ভাব্য প্রভাব যথাযথভাবে বিবেচনা করতে পারেনি।
এ কারণে মাঠের রেফারিকে ঘটনাটি আবার দেখার সুপারিশ করা উচিত ছিল।
এক বিবৃতিতে প্রো রেফ বলেছে, ‘এনজো ফার্নান্দেজ বলে স্পর্শ করেননি। তাই তার অফসাইডে থাকাকে দোষ হিসেবে দেখা হবে কি না, সেটি বিষয়ভিত্তিক। তবে তার অবস্থানের সম্ভাব্য প্রভাব ভিএআর যথাযথভাবে শনাক্ত করতে পারেনি। এ কারণে মাঠের রেফারিকে ঘটনাটি পর্যালোচনার সুপারিশ করা উচিত ছিল।’
প্রো রেফ আরো জানিয়েছে, তারা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্তটিকে বিচার-বিবেচনার ভুল হিসেবে স্বীকার করেছে। পুরো ঘটনাটি পর্যালোচনা করা হবে।
ম্যাচ শেষে ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকও সিদ্ধান্তটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার প্রশ্ন ছিল, এত প্রযুক্তি ও পর্যালোচনার পরও কিভাবে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো গেল না।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি