১২ জুলাই ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, স্কালোনি বলছেন—শুধুই একটি ম্যাচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৩৭ এএম
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, স্কালোনি বলছেন—শুধুই একটি ম্যাচ

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

বাংলাপ্রেস ডেস্ক:  সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পার হওয়ার পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, বুধবার ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য হাইভোল্টেজ সেমিফাইনাল ‘শুধুই একটি ফুটবল ম্যাচ’।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে সমতাসূচক গোলটি করেন সুইজারল্যান্ডের ড্যান এনডোয়ে।

কয়েক মিনিট পরই সুইজারল্যান্ডের জন্য বিপর্যয় নেমে আসে। অভিনয় করে ফাউল আদায়ের চেষ্টার অভিযোগে ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ১০ জনের দলে পরিণত হয় সুইসরা।

এরপর অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে জুলিয়ান আলভারেজ অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে বদলি হিসেবে নামা লটারো মার্টিনেজ আর্জেন্টিনার তৃতীয় গোলটি যোগ করেন।

এবার আর্জেন্টিনার লক্ষ্য আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, যা উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচগুলোর ইতিহাস মাঠের নানা উত্তেজনাপূর্ণ ঘটনার সাক্ষী।

সেই প্রতিদ্বন্দ্বিতার পেছনে রয়েছে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দীর্ঘদিনের সার্বভৌমত্ব বিরোধ।

১৯৮২ সালে আর্জেন্টিনার সেনারা দ্বীপপুঞ্জে প্রবেশ করার পর সেগুলো পুনর্দখলে সামরিক বাহিনী পাঠিয়েছিল ব্রিটেন। তবে অ্যারোহেড স্টেডিয়ামে জয়ের পর স্কালোনি রাজনীতিকে এক পাশে সরিয়ে রাখতে চাইলেন। তিনি বলেন, ‘দেখুন, এটি একটি ফুটবল ম্যাচ। আমার বার্তা একটাই এটি একটি ফুটবল ম্যাচ।

আমি শুধু এটুকুই বলতে পারি।"

তিনি আরো বলেন, "এটি একটি ফুটবল ম্যাচ এবং আমরা খুব শক্তিশালী এক প্রতিপক্ষের বিপক্ষে খেলব। তাদের একজন দুর্দান্ত কোচ আছেন। এটি শুধুই একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।"

ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই ঐতিহাসিক লড়াইয়ের ৪০ বছর পর।

মেক্সিকো সিটির আজতেকায় অনুষ্ঠিত সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয় পায়। এরপর বিশ্বকাপে দুই দল আরও দুবার মুখোমুখি হয়েছে। ১৯৯৮ সালে টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা, আর চার বছর পর ২০০২ সালে ইংল্যান্ড প্রতিশোধ নেয়।

স্কালোনি স্বীকার করেছেন, কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন ৩-২ ব্যবধানের জয়ের পর সুইজারল্যান্ডের বিরুদ্ধেও কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তার দলকে ইংল্যান্ডের বিপক্ষে আরো ভালো খেলতে হবে।

স্কালোনি বলেন, ‘আমরা জিতেছি আমাদের জয়ের প্রবল ইচ্ছার কারণে। আমরা ম্যাচটিকে টাইব্রেকারে নিতে চাইনি। এখানে খেলার মানের চেয়ে জয়ের আকাঙ্ক্ষার বিষয়ই বেশি ছিল। আমরা এখন সেমিফাইনালে। ফুটবলে এটি একটি বিশেষ অবস্থান, যেটিকে হয়তো আমরা অনেক সময় স্বাভাবিক বলে ধরে নিই। কিন্তু এখানে পৌঁছানো মোটেও সহজ নয়। খুশি হওয়ার, সন্তুষ্ট থাকার এবং রোমাঞ্চিত হওয়ার আমাদের যথেষ্ট কারণ রয়েছে। এখন আমরা শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়ব। আমাদের শরীরের শেষ শক্তি আর শেষ ফোঁটা ঘামটুকু দিয়েও আমরা সবকিছু উজাড় করে দেব। যদি আমরা সফল হই, তাহলে দারুণ। আর যদি না-ও পারি, তবু আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এ নিয়ে যেন কারো কোনো সন্দেহ না থাকে।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি