ইনজুরিতে ছিটকে গেলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া দলটির একাধিক খেলোয়াড় চোট সমস্যায় পড়ায় নতুন করে চিন্তায় পড়েছে কোচিং স্টাফ। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন ৩৪ বছর বয়সী আকুনা। তবে খেলার একপর্যায়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে তীব্র অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত মাঠ থেকে তুলে নেওয়া হয়। একই স্থানে আগে থেকেই তার ফিটনেসজনিত সমস্যা থাকায় বিষয়টি বাড়তি উদ্বেগ তৈরি করেছে।
যদিও এই ইনজুরির মাত্রা কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে একাধিক ফিটনেস সমস্যা দেখা দেওয়ায় পরিস্থিতির দিকে নজর রাখছে টিম ম্যানেজমেন্ট।
এর আগে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আঙুলের চোটে ভুগছিলেন। এছাড়া লিওনেল মেসিও ক্লান্তিজনিত কারণে মাঠ ছাড়েন। পাশাপাশি ক্রিস্টান রোমেরো এবং গনজালো মন্টিয়েলের শারীরিক অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী আগামী ১ জুনের মধ্যে সব দলকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এর আগেই দল ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, মে মাসের শেষ সপ্তাহেই চূড়ান্ত স্কোয়াড প্রকাশ হতে পারে।
বিশ্বকাপের আগে ইনজুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোচিং স্টাফ এবার বাড়তি খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা করছে, যাতে শেষ মুহূর্তে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া যায়। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন