ইতালির প্রস্তাবে ‘না’ বললেন আনচেলত্তি
সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: পেপ গার্দিওলাকে কোচ করে আনতে তার সঙ্গে আলোচনায় বসেছে ইতালি ফুটবল ফেডারেশন। তবে তার আগে স্বদেশি কোচের ওপরই ভরসা রাখতে চেয়েছিল ফেডারেশনটি। প্রথমে কার্লো আনচেলত্তির কাছে গিয়েছিল। তবে বর্তমানে ব্রাজিলের দায়িত্বে থাকা এই কোচ আগেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
টানা তৃতীয়বারের মতো টানা বিশ্বকাপে জায়গা করতে না পারার পর এপ্রিলে দায়িত্ব ছাড়েন কোচ জেনারো গাত্তুসো। তারপর থেকেই কোচবিহীন আছে আজ্জুরিরা।
এই সপ্তাহের শুরুতে ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো জানান, তারা গার্দিওলার সঙ্গে কথা বলেছেন। এই গ্রীষ্মে ১০ বছর পর ম্যানচেস্টার সিটি ছেড়েছেন গার্দিওলা।
তবে বৃহস্পতিবার এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানান, ইতালি প্রথমে তাদের সাবেক খেলোয়াড় আনচেলত্তির কাছে গিয়েছিল, যিনি বর্তমানে ব্রাজিলের দায়িত্বে আছেন।
সংবাদ সম্মেলনে মালদিনি বলেন, ‘পেপের সঙ্গে কথা বলার আগে আমরা কার্লোর সঙ্গেও কথা বলেছি। এটা লুকোছাপার কোনো বিষয় নয়। সত্যি বলতে, আমাদের কাছে যাদের বিশ্বসেরা মনে হয়, তাদের দিয়ে শুরু করাটাই ঠিক মনে হয়েছিল।’
ইতালি এবং এসি মিলানে মালদিনির সাবেক সতীর্থ আনচেলত্তি ২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেন। মে মাসে ব্রাজিলের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেন তিনি। নরওয়ের কাছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরও ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলের দায়িত্বে থাকছেন ৬৭ বছর বয়সী আনচেলত্তি।
ইতালির হয়ে ১২৬ ম্যাচ খেলা সাবেক ডিফেন্ডার মালদিনি বলেন, ফেডারেশন চাইবে এই সপ্তাহের মধ্যেই একজন কোচ নিয়োগ দিতে। তবে তাদের কাছে অগ্রাধিকার হলো সঠিক মানুষটিকে খুঁজে বের করা।
৫৫ বছর বয়সী গার্দিওলা ইংল্যান্ডে সিটিকে নিয়ে ট্রফিতে ভরা এক দশক কাটিয়েছেন। তার নেতৃত্বে ক্লাব জিতেছে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
ইতালির সাবেক কোচ আন্তোনিও কন্তে ও রবার্তো মানচিনি, এবং আজ্জুরির সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর নামও এই পদের জন্য শোনা যাচ্ছে। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
তিন বিশ্বকাপ ফাইনাল, এক অবিশ্বাস্য পরিসংখ্যান—অন টার্গেটে শটই নেই আর্জেন্টিনার!
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি