ইউরোপের চেয়ে বাংলাদেশ সুন্দর: কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপের চেয়েও সুন্দর বাংলাদেশ। অনেক দিন পর কেউ দেশে এলে এখন আর চিনতে পারবে না।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় সাধারণ সম্পাদক বলেন, ১৪ বছর আগের আর বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। ইউরোপের চেয়েও সুন্দর বাংলাদেশ। কেউ দেশে এসে চিনতে পারবে না এখন। আর এর চেঞ্জ-মেকার শেখ হাসিনা।
তার কারণেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, বাংলাদেশের এই স্বাপ্নিক উন্নয়নের রূপকার হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বাধা উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারী এবং জেলহত্যার বিচার হয়েছে, দেশে প্রথম আইনগতভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্রমেই গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করছে।
তত্ত্বাবধায়ক সরকারকে ডেড ইস্যু উল্লেখ করে তিনি বলেন, এটা জীবিত করতে যতো চেষ্টাই করা হোক, লাভ হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আর সংবিধানের পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়। তাই সংবিধানের মধ্যে থেকে সমাধান খোঁজার আহ্বানও জানান তিনি।
এসময় বিএনপির আমলেই হত্যা, অত্যাচার, নির্যাতন, গুম বেশি হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনের আগে ৫০০ স্কুল পুড়িয়েছে, ভূমি অফিসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়েছে। কী বীভৎস দিন! কত নিষ্ঠুর বিএনপি! মির্জা ফখরুল এখন খুন ও মাদকের মামলার আসামির পক্ষে বিবৃতি দেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি