জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
বাংলাপ্রেস ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যাদের অবস্থা গুরুতর; তাদের জন্য জরুরি প্রয়োজনে রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এর আগে ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।
গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও’ডেকে সঙ্গে নিয়ে এই ঘোষণা দেন।
নিউইয়র্ক পোস্ট, এনবিসি নিউজসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার, এফডিএ কমিশনার ড. স্টিফেন হান ও গিলিয়েড সায়েন্সে-এর সিইও’র মধ্যকার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ২৯ এপ্রিল হোয়াইট হাউসে করোনাভাইরাস প্রতিরোধে রেমডেসিভিরের কার্যকারিতার ‘সুস্পষ্ট প্রমাণ’ পাওয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর পরিচালক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।
একটি ক্লিনিক্যাল ট্রায়ালের সূত্রে যুক্তরাষ্ট্রের এই স্বনামধন্য বিজ্ঞানী বলেন, আক্রান্তদের মধ্যে রেমডেসিভির গ্রহণকারীরা অন্যদের তুলনায় কম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে। তবে এই ওষুধ মৃত্যুহার কমাতে ভূমিকা রাখে কিনা, তা এখনো প্রমাণিত নয়। এর কয়েকদিনের মাথায় ‘জরুরি ব্যবহারের অনুমোদন’ পেল ওষুধটি। এফডিএ–এর অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে ডাক্তারেরা এখন থেকে এই ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন।
‘রেমডেসিভির’ অনুমোদন দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে এই ওষুধ ব্যবহারের বিষয়ে কথা বলেছেন। টাস্কফোর্সের সদস্য ডা.অ্যান্থনি ফাউসি ও দেবোরাহ ব্রিক্স ছাড়াও এফডিএ-এর প্রধান স্টিফেন হান ওষুধ অনুমোদনের বিষয়ে সম্মতি দিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে এবং মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র সবার শীর্ষে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত আমেরিকায় প্রায় ১১ লাখ আক্রান্ত, আর মৃত্যু ৬৪ হাজারের বেশি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আবারও আটক হচ্ছেন ট্রাম্পের নীতিতে বিচ্ছিন্ন অভিবাসী পরিবারগুলো
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি