মাদ্রিদের দাবানল দুর্গতদের সহায়তায় ৮০ হাজার ইউরো দিলেন মেসি
বাংলাপ্রেস ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা) অনুদান দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।
মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আইয়ুসো তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মানবিক উদ্যোগের জন্য তিনি মেসিকে ধন্যবাদ জানান। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আইয়ুসো বলেন, ‘লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্ট এলাকার পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই।
মাদ্রিদবাসী তাকে স্বাগত জানাতে এবং তার প্রাপ্য সম্মান জানাতে মুখিয়ে আছে।’
গত কয়েক সপ্তাহের ভয়াবহ দাবানলে মাদ্রিদের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলার পর আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও উদ্ধারকারী দলগুলো এখনো সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করছে।
বিশেষ করে সান হুয়ান জলাধারসংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট, বন বিভাগ এবং পরিবেশ রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
এদিকে পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস এলাকার সাতটি আবাসিক অঞ্চলের বাসিন্দাদের এখনো বাড়ি ফিরতে দেওয়া হয়নি। সান হুয়ান জলাধার, আলবার্চে সৈকত এবং এম-৯৫৭ সড়ক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি