ব্রাজিলের খেলা দেখতে গিয়ে চমক দিলেন সাকিব
নেইমারের সই করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব
নেইমারের অটোগ্রাফ করা জার্সিতে সাকিব
বাংলাপ্রেস ডেস্ক : ফুটবলে আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার দেখা দিলেন ভিন্ন এক রূপে। ব্রাজিলের জার্সি গায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেটলাইফ স্টেডিয়ামে হাজির হয়ে তিনি চমকে দিয়েছেন ভক্তদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের এজেন্ট হিসেবে পরিচিত রবিন মিয়ার একটি পোস্টে দেখা যায়, সাকিব ব্রাজিল জাতীয় দলের জার্সি পরে মাঠে উপস্থিত রয়েছেন। তার পরিহিত জার্সিটিতে একটি অটোগ্রাফও রয়েছে। ধারণা করা হচ্ছে, সেটি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের স্বাক্ষর।
কয়েক দিন আগে বাংলাদেশি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, তিনি ব্রাজিলের একটি ম্যাচ দেখতে যাবেন এবং ব্রাজিলের জার্সিও কিনবেন। মজার ছলে তিনি বলেছিলেন, “ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!”
যদিও ফুটবলে সাকিব দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে তিনি প্রকাশ্যে আর্জেন্টিনাকে সমর্থন করেছেন। লিওনেল মেসি তার অন্যতম প্রিয় ফুটবলার এবং ক্লাব ফুটবলে তিনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সমর্থক।
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেখানে থেকেই তিনি আন্তর্জাতিক ফুটবলের আমেজ উপভোগ করছেন। তবে ব্রাজিলের জার্সি গায়ে তার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
অনেক ভক্তই বিষয়টিকে মজার ছলে দেখছেন, আবার কেউ কেউ বলছেন - সাকিব হয়তো শুধু ফুটবলের আনন্দ উপভোগ করতেই ব্রাজিলের জার্সি পরেছেন। তবে আর্জেন্টিনা ভক্ত সাকিবের গায়ে নেইমারের সই করা ব্রাজিলের জার্সি নিঃসন্দেহে ভক্তদের জন্য ছিল বড় এক চমক।
বিপি/এসআর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি