১৯ নভেম্বর ২০২৬

নিউ ইয়র্ক ছেড়ে অন্যত্র চলে যাওয়া বাসিন্দারাও পাচ্ছেন জ্বালানি খরচের রিবেট চেক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
নিউ ইয়র্ক ছেড়ে অন্যত্র চলে যাওয়া বাসিন্দারাও পাচ্ছেন জ্বালানি খরচের রিবেট চেক

নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল

আবু সাবেত: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে বিদ্যুৎ ও জ্বালানির উচ্চমূল্যের চাপ কমাতে গভর্নর ক্যাথি হোকুলের চালু করা ১০০ কোটি ডলারের বিশেষ রিবেট কর্মসূচির অর্থ পাচ্ছেন এমন অনেক মানুষ, যাঁরা ইতিমধ্যে নিউ ইয়র্ক ছেড়ে অন্য রাজ্যে বসবাস শুরু করেছেন। অঙ্গরাজ্যের করদাতাদের অর্থে পরিচালিত এই কর্মসূচির আওতায় সম্ভাব্য কয়েক হাজার নয়, কয়েক দশ হাজার সাবেক বাসিন্দার কাছেও চেক পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক দক্ষতা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

নিউ ইয়র্কের চেমাং কাউন্টির বাসিন্দা ছিলেন ২৯ বছর বয়সী নাথান ওয়াকার। বর্তমানে তিনি হাওয়াই অঙ্গরাজ্যে বসবাস করেন। গত মাসে হনলুলুর একটি রেস্তোরাঁয় বান্ধবীকে নিয়ে রাতের খাবার খেতে গিয়েছিলেন তিনি। চিকেন সালাদ, পাস্তা, বিয়ার ও স্ট্রবেরি ডাইকিরিসহ খাবারের বিল আসে ১০০ ডলার।

ওয়াকার বলেন, ‘এত টাকা খরচ করায় আমি কিছুটা বিরক্ত হয়েছিলাম।’

কিন্তু পরদিনই তাঁর সেই বিরক্তি কেটে যায়। ডাকযোগে নিউইয়র্ক অঙ্গরাজ্য থেকে এককালীন জ্বালানি খরচের রিবেট চেক আসে তাঁর নামে। কাকতালীয়ভাবে চেকের পরিমাণও ছিল ঠিক ১০০ ডলার, যা দিয়ে আগের রাতের পুরো খাবারের বিল মিটিয়ে দেওয়া সম্ভব।

অথচ নিউইয়র্ক থেকে প্রায় পাঁচ হাজার মাইল দূরে হনলুলুতে বসবাস করছেন ওয়াকার।

বিষয়টি তাঁর কাছেও অস্বাভাবিক মনে হয়েছে। তিনি বলেন, ‘করদাতাদের অর্থ থেকে কোনো ধরনের সুবিধা পাওয়ার অধিকার আমার আছে বলে আমি মনে করি না।’

এরপর রসিকতা করে তিনি বলেন, ‘ধন্যবাদ ক্যাথি, আমার শুক্রবার সন্ধ্যার খরচ মিটিয়ে দেওয়ার জন্য।’

ওয়াকারের ঘটনাটি দেখিয়ে দিয়েছে, জ্বালানির উচ্চমূল্যের কারণে নিউ ইয়র্কবাসীকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া গভর্নর ক্যাথি হোকুলের ১০০ কোটি ডলারের কর্মসূচির অর্থ কীভাবে অন্য রাজ্যে চলে যাচ্ছে।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কর ও অর্থ বিভাগের মুখপাত্র ড্যারেন ডপ অবশ্য দাবি করেছেন, রিবেট চেক পাওয়া ব্যক্তিদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশই বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দা।

তিনি জানান, ২০২৪ সালে যাঁরা নিউ ইয়র্কের পূর্ণকালীন বাসিন্দা ছিলেন এবং ওই বছরের আয়কর রিটার্ন জমা দিয়েছেন, তাঁদের মধ্য থেকে নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকা ব্যক্তিদের চেক পাঠানো হচ্ছে। ফলে পরবর্তী সময়ে অন্য রাজ্যে চলে গেলেও তাঁরা এই সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন।

কর্মসূচির আওতায় যৌথভাবে আয়কর রিটার্ন দাখিলকারী দম্পতিদের বার্ষিক আয় দেড় লাখ ডলারের কম হলে ২০০ ডলার এবং দেড় লাখ থেকে তিন লাখ ডলারের মধ্যে হলে ১৫০ ডলার দেওয়া হচ্ছে। অন্যদিকে একক করদাতাদের বার্ষিক আয় দেড় লাখ ডলারের কম হলে তাঁরা পাচ্ছেন ১০০ ডলার।

গভর্নর হোকুলের ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর যে আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, তা কিছুটা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বরে হোকুল বলেছিলেন, ‘বিশেষ করে নিউ ইয়র্কের উত্তরাঞ্চলে বসবাসকারীদের বিদ্যুৎ ও জ্বালানির বিল অনেক বেশি। আমি জানি, ২০০ ডলার কারও জীবন রাতারাতি বদলে দেবে না। কিন্তু আমরা মানুষের উদ্বেগের কথা শুনছি এবং যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘এই অর্থ পেতে কাউকে কিছু করতে হবে না। কোনো আবেদন নয়, কোনো কাগজপত্র নয়, কোনো জটিল প্রক্রিয়াও নয়। আপনি যোগ্য হলে চেক আপনার কাছে পৌঁছে যাবে।’

গভর্নরের মুখপাত্র ক্রিস্টিন ডিভো জানিয়েছেন, আনুমানিক ৮২ লাখ রিবেট চেকের মধ্যে ইতিমধ্যে ৭০ লাখ পাঠানো হয়েছে। গত সেপ্টেম্বরে চেক পাঠানো শুরু হয় এবং আগামী মাসে পুরো কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

ডিভোর দাবি, সাধারণ মানুষের হাতে দ্রুত অর্থ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কর্মসূচিটি তৈরি করা হয়েছে। যাঁরা নিউ ইয়র্ক ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন, তাঁরাও আইন অনুযায়ী এই অর্থ পাওয়ার অধিকারী।

তবে ঠিক কতটি চেক নিউ ইয়র্কের বাইরে পাঠানো হয়েছে, সে বিষয়ে কর্মকর্তারা নির্দিষ্ট কোনো তথ্য দেননি।

টাইমস ইউনিয়নের পর্যালোচনা করা করদাতাদের অন্য রাজ্যে স্থানান্তরসংক্রান্ত তথ্য থেকে ধারণা করা হচ্ছে, এ ধরনের চেক পাওয়া সাবেক বাসিন্দার সংখ্যা কয়েক দশ হাজার হতে পারে।

অঙ্গরাজ্যের কম্পট্রোলারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এক লাখ ১২ হাজারের বেশি ব্যক্তি ও পরিবার নিউ ইয়র্ক ছেড়ে অন্যত্র চলে গেছেন, যাঁরা এই রিবেট কর্মসূচির আয়ের শর্ত পূরণ করতেন।

এর আগের পাঁচ বছরের প্রতিটিতে একই আয়ের শ্রেণিভুক্ত প্রায় এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৭৫ হাজার করদাতা নিউ ইয়র্ক ছেড়েছেন। তবে ২০২৫ ও ২০২৬ সালের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।

টাইমস ইউনিয়নের অনুসন্ধানে নিউ জার্সি ও টেক্সাসে বসবাসকারী এমন কয়েকজন করদাতার সন্ধান পাওয়া গেছে, যাঁদের পরিস্থিতি নাথান ওয়াকারের মতোই। তাঁরা ২০২৪ সালের শেষ দিকে কিংবা ২০২৫ ও ২০২৬ সালে নিউ ইয়র্ক ছেড়ে চলে গেছেন, কিন্তু ২০২৪ সালের পূর্ণ বছরের আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন।

রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান ম্যানহাটন ইনস্টিটিউটের ফেলো কেন জিরারদিনের মতে, এই ঘটনা প্রমাণ করে কর্মসূচিটি যথাযথ পরিকল্পনা ছাড়াই গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ‘এটি এমন অনেক কারণের একটি, যার জন্য তথাকথিত এই রিবেট কর্মসূচি কখনোই চালু করা উচিত ছিল না।’

জিরারদিনের যুক্তি, অঙ্গরাজ্য সরকার সরাসরি নিউ ইয়র্কবাসীর বিদ্যুৎ ও জ্বালানির বিলের সঙ্গে অর্থ সমন্বয় করতে পারত। এতে প্রশাসনিক ব্যয় কমত এবং নিশ্চিত করা যেত যে সহায়তার অর্থ শুধু বর্তমান বাসিন্দারাই পাচ্ছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে আবাসিক বিদ্যুতের বিল সবচেয়ে বেশি, নিউইয়র্ক তার অন্যতম।

তবে গভর্নরের মুখপাত্র ডিভো এই প্রস্তাবের সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, বিদ্যুৎ বিলের মাধ্যমে অর্থ সমন্বয় করতে হলে সরকারকে সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে অর্থ পাঠাতে হতো। পাশাপাশি যেসব ভাড়াটিয়ার বিদ্যুৎ ও জ্বালানির খরচ বাড়িভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাঁরা এই সুবিধা থেকে বঞ্চিত হতেন।

চলতি বছরের মে মাসে গভর্নর হোকুল যে অঙ্গরাজ্য বাজেটে স্বাক্ষর করেন, তার অংশ হিসেবেই আইনপ্রণেতারা রিবেট চেক কর্মসূচিটি অনুমোদন করেছিলেন।

তবে সমালোচকদের একটি অংশের অভিযোগ, মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়ার মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যও এই কর্মসূচির পেছনে কাজ করেছে।

তাঁদের দাবি, সম্ভাব্য ভোটারদের আর্থিক সহায়তা দিয়ে ডেমোক্র্যাটদের নির্বাচনী অবস্থান শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে। যদিও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ মোকাবিলায় আগের বছরও নিউ ইয়র্ক সরকার একই ধরনের একটি সহায়তা কর্মসূচি পরিচালনা করেছিল।

নাসাউ কাউন্টির নির্বাহী এবং গভর্নর নির্বাচনে হোকুলের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ব্রুস ব্লেকম্যান এই রিবেটের পরিমাণকে জ্বালানির উচ্চমূল্যের তুলনায় অত্যন্ত সামান্য বলে মন্তব্য করেছিলেন।

চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত নির্বাচনে হোকুল প্রায় ২০ শতাংশ পয়েন্টের ব্যবধানে ব্লেকম্যানকে পরাজিত করেন।

অন্যদিকে বামঘেঁষা গবেষণা প্রতিষ্ঠান ফিসক্যাল পলিসি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এমিলি আইজনার মনে করেন, রিবেট চেকের পেছনে ব্যয় করা অর্থ জ্বালানি অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে বিনিয়োগ করা হলে তা আরও কার্যকর হতো।

তাঁর মতে, এই কর্মসূচি মূল সমস্যার স্থায়ী সমাধান না করে সাময়িকভাবে চাপ কমানোর একটি ব্যয়বহুল উদ্যোগ। পাশাপাশি এটি পরিচালনা করাও জটিল এবং ব্যয়সাপেক্ষ।

কর বিভাগের মুখপাত্র ড্যারেন ডপ ই-মেইলে স্বীকার করেছেন, বিপুলসংখ্যক চেক পাঠানোর কাজে বিভাগের কর্মীরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।

তবে তিনি দাবি করেন, বিদ্যমান জনবল ও সম্পদ ব্যবহার করেই পুরো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

১৯৮৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত নিউ ইয়র্কের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা জেমস ওয়েটজলার অবশ্য মনে করেন, কর্মসূচির মোট বরাদ্দের তুলনায় প্রশাসনিক ব্যয়ের পরিমাণ সম্ভবত খুবই সামান্য।

তাঁর যুক্তি, বছরের এই সময়ে কর বিভাগের কাজের চাপ তুলনামূলক কম থাকে। বিশেষ করে ১৫ এপ্রিল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমার আশপাশের ব্যস্ততার তুলনায় এখন কর্মীরা অনেকটাই কম ব্যস্ত থাকেন।

এদিকে নাথান ওয়াকার জানিয়েছেন, তাঁর রিবেট চেকটি ডেলাওয়্যার অঙ্গরাজ্যে বসবাসকারী তাঁর বাবার ঠিকানায় পৌঁছেছে।

২০২৪ সালে বাবা ও ছেলে নিউ ইয়র্ক ছেড়ে ডেলাওয়্যারে চলে যান। কয়েক মাস পর ওয়াকার সেখান থেকে হাওয়াইয়ে চলে যান। বর্তমানে তিনি একটি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং নিউইয়র্কে ফেরার কোনো পরিকল্পনা নেই।

ওয়াকার বলেন, ‘নিউ ইয়র্কে আমার এখন আর কোনো কাজ নেই। অনেক দিন ধরেই নেই। দুই বছরেরও বেশি সময় ধরে আমি সেখানে পা রাখিনি।’

নিউ ইয়র্ক সরকারের এই রিবেট কর্মসূচি নিয়ে বিতর্কের কেন্দ্রে এখন দুটি প্রশ্ন—করদাতাদের অর্থ দিয়ে পরিচালিত সহায়তা কর্মসূচির সুবিধা কি শুধু বর্তমান বাসিন্দাদের পাওয়া উচিত, নাকি নির্ধারিত করবর্ষে বসবাস ও কর দেওয়ার ভিত্তিতে সাবেক বাসিন্দারাও সেই অর্থ পাওয়ার অধিকার রাখেন?

একদিকে প্রশাসন বলছে, আইন অনুযায়ী যোগ্য সবাইকে দ্রুত অর্থ পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। অন্যদিকে সমালোচকদের দাবি, বিপুল সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি